অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে পৃথক দুটি আলোচিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাত সর্দারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন মালামাল এবং আনসার সদস্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক জাপানপ্রবাসীর পরিবারকে লক্ষ্য করে ডাকাতি করে একটি চক্র। অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়।
ঘটনার তদন্তে নেমে সোনারগাঁ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ডাকাত দলের প্রধান কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় আনসার সদস্যদের জিম্মি করে দুটি শটগান নিয়ে যায় দুর্বৃত্তরা।
ওই মামলার তদন্তে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া শটগানের একটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।