টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত পানিতে তলিয়ে যায়। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মুষলধারে বৃষ্টির কারণে নগরজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।
নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে হওয়া এই বর্ষণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
জলাবদ্ধতার কারণে অনেক বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল বিকল হয়ে পড়ে। কোথাও কোথাও সিএনজি ও অন্যান্য যানবাহনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অনেক চালককে গাড়ি ঠেলে নিতে দেখা যায়। রিকশা ও ভ্যান চলাচলেও বিঘ্ন ঘটে।
বৃষ্টির পানিতে দোকানপাট ও বাসাবাড়ির প্রবেশপথে পানি ঢুকে পড়ে। অনেক ব্যবসায়ী মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় তা উঁচু স্থানে সরিয়ে নেন। কোথাও কোথাও নর্দমার পানি সড়কে মিশে দুর্গন্ধের সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম জানান, টানা ভারী বৃষ্টিতে সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মীরা মাঠে কাজ করছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানও জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকার জলাবদ্ধতার পেছনে কয়েকটি বড় সমস্যা রয়েছে—ক্যাচপিটে আবর্জনা জমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়া, ড্রেনে পলি জমা, খাল দখল, পাম্পিং স্টেশনের অকার্যকারিতা এবং নদীগুলোর পানি ধারণক্ষমতা কমে যাওয়া।
তাদের মতে, এসব সমস্যার সমন্বিত ও স্থায়ী সমাধান না হলে প্রতি বর্ষায় রাজধানীবাসীকে একই ধরনের জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হবে।