সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে শফিকুর রহমানের মন্তব্য

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা এবং ন্যায়বিচার নিশ্চিত না হওয়াকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশু রামিসার বাবার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হজ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় রামিসার বাবার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান সংশ্লিষ্টদের প্রতি।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে রামিসার বাবাকে হাসপাতালে নেওয়া হয়। হৃদরোগজনিত জটিলতার আশঙ্কায় তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় শরীরে পটাশিয়ামের ঘাটতি ধরা পড়েছে। পাশাপাশি হৃদপিণ্ডের আবরণে প্রদাহজনিত সমস্যা থাকারও সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, শিশু রামিসা হত্যা মামলায় সরকার যে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে, তা বাস্তবায়িত হবে বলে তারা আশা করছেন। সরকারের আন্তরিক উদ্যোগ থাকলে দ্রুত বিচার সম্পন্ন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, তদন্ত শেষে মামলার অভিযোগপত্র জমা দেওয়ার পর আদালত তা গ্রহণ করে বিচারিক প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠান। পরে শুনানি শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর রামিসা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি ফ্ল্যাটে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে হেফাজতে নেয় এবং পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপর আসামিকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহত শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত চলাকালে প্রধান আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন বলেও জানা গেছে।

মেয়েকে হারানোর শোক ও মানসিক আঘাতের কারণে রামিসার বাবা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।