এনসিপি নেতারা কে কোথায় ঈদ করবেন
নিজস্ব প্রতিবেদক : এনসিপি নেতা মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (বাঁ থেকে ওপরে), নাসীরুদ্দীন পাটওয়ারী, আবদুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু (বাঁ থেকে নিচে)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা নিজ নিজ নির্বাচনি এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের পূর্ব রামপুরা সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে সকাল ৭টায় তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও সালাম বিনিময় করবেন।
বুধবার (২৭ মে) দলটির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন নিজ এলাকা রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাটের মুন্সিপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী হাট হাইস্কুল মাঠ ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবীদ্বারে নিজ গ্রাম গোপালনগরে ঈদ উদযাপন করবেন। তিনি এবার ঈদের দিন সকালে দেবীদ্বার পৌরসভার কোনো একটি মসজিদে নামাজ আদায় করে পরে কোরবানি করবেন। এর আগে গত ঈদুল ফিতরে তিনি নিজ গ্রাম গোপালনগরের কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেছিলেন।
অন্যদিকে, এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় ঈদ করবেন। তারা দুজনেই জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ার বুড়িরচরে নিজ গ্রামের মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। তিনি দিনভর স্থানীয় মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করবেন।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন রাজধানীর মোহাম্মদপুরে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা ফার্মগেট এলাকায় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। অন্যদিকে, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন।
এছাড়া এনসিপির দুই নারী সংসদ সদস্য নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে ঈদ করবেন নুসরাত তাবাসসুম এমপি। আর বরিশালে শ্বশুরবাড়ি এবং নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়ায় সময় কাটাবেন ডা. মাহমুদা মিতু এমপি।











