রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় তারেক রহমানের জনসভায় নেতাকর্মীদের ঢল

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে আসছেন। আজ সোমবার মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

তার এই জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই নেতাকর্মীদের ঢল নেমেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোমবার সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের অনেকের হাতে ধানের শীষ, কারও হাতে তারেক রহমানের ছবি ও কারও হাতে জাতীয় পতাকা। বেলা ১১টার মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সমাবেশস্থল।

খুলনা মহানগর বিএনপির তরফ থেকে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় আসবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুলমাঠে দুপুর ১২টায় সমাবেশে যোগ দেবেন।

এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি যোগ দেবেন। ২টা ৪০ মিনিটে আবার হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

নেতারা আশা করছেন, খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, মাগুরা ও যশোর জেলার বিপুলসংখ্যক মানুষ সমাবেশে অংশ নেবেন।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জনসভায় সভাপতিত্ব করবেন। বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

এদিকে তারেক রহমানের খুলনায় আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। খালিশপুর প্রভাতী স্কুল মাঠের সমাবেশ স্থলের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, তারেক রহমানের যাতায়াতের পথ ও সমাবেশস্থলের ভেতর, বাইরে এবং বিভিন্নস্থানে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ থাকবে। থাকবে র‌্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা। শহরে প্রবেশের বিভিন্ন স্থানে থাকবে পুলিশের চেকপোস্ট।

অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, আজ খুলনার ট্রাফিক ব্যবস্থা নরমাল থাকবে। সাধারণ যানবাহন চলাচলে বিঘ্ন হবে না। অনেক মানুষের সমাগম থাকবে, তাই সাধারণ মানুষকে সমাবেশস্থল এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল