চবিতে শাটলে বসা নিয়ে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৩
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সিটে বসা নিয়ে তর্কের জেরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌঁনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের দুই গ্রুপের নাম ভার্সিটি এক্সপ্রেস ও সিক্সটি নাইন। সংঘর্ষে আহত কর্মীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টায় চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসমুখী শাটল ট্রেনে সিটে বসা নিয়ে তর্কে জড়ায় শাখা ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস ও সিক্সটি নাইনের দ্বিতীয় বর্ষের ৪ কর্মী। ট্রেনের মধ্যেই হাতাহাতি হয় তাদের। পরে ট্রেনটি সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে পৌঁছালে সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলে থাকা নেতাকর্মীদের খবর দেয়। অন্যদিকে ভার্সিটি এক্সপ্রেসের কর্মীরা সোহরাওয়ার্দী হলে থাকা নেতাকর্মীদের জানায়। পরে এই ২ উপপক্ষের নেতা-কর্মীরা হল থেকে লাঠিসোঁটা রামদা ও ইট পাটকেল নিয়ে বের হয় শীতের মাঝেই ধাওয়া পালটা ধাওয়ায় জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর পুলিশ ও প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আমরা তিনজনকে চিকিৎসা দিয়েছি। এর মধ্যে একজনকে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখমের চিহ্ন ছিল। আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন,’আমি ঘটনাস্থলে আছি, বিষয়টি দেখছি।জুনিয়রদের মধ্যে শাটলে সিট ধরা নিয়ে ঝামেলা হয়েছিল। সমাধান করার চেষ্টা চলছে।’
শাখা ছাত্রলীগের সহসভাপতি ও ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী বলেন, ‘শাটলে বসা নিয়ে আমাদের কর্মীদের সঙ্গে সিক্সটি নাইনের কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। এর পর দুই পক্ষেই সংঘর্ষে জড়িয়েছে। সিনিয়ররা বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত। দুই গ্রুপকেই হলে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’











