রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে বেঁধে পিটিয়ে মানসিক হাসপাতালে পাঠালেন ছেলেরা

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় মোহাম্মদ উল্যাহ (৬০) নামের এক বৃদ্ধকে হাত-পা শেকলে বেঁধে মারধর করে পাগল সাজিয়ে মানসিক হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে তার স্ত্রী ও চার ছেলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার ভোরে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। মোহাম্মদ উল্যাহ জেলার রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের স্টিল ব্রিজ এলাকার বাসিন্দা।

ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকাবাসী থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ লিখিত অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে পুলিশ বলছে, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ উল্যাহ দীর্ঘ ২২ বছর প্রবাসে ছিলেন। সেখানে তিনি যা উপার্জন করতেন তা পরিবারের কাছে পাঠাতেন। প্রবাস থেকে চার বছর আগে দেশে ফেরেন তিনি। আসার পর স্ত্রী ও চার ছেলে মাসুদ, আলমগীর, উজ্জ্বল ও জাহাঙ্গীরের কাছে পাঠানো অর্থের হিসাব চান। এরপর থেকেই তার ওপর চলে অমানবিক নির্যাতন।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ভোর রাতে মোহাম্মদ উল্যাহকে হাত-পা শিকলে বেঁধে অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যাওয়া হয়। এসময় তার চিৎকারে প্রতিবেশী আনোয়ার হোসেন সবুজ ও ইব্রাহীম এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়।

ভুক্তভোগীর মা আলিমা খাতুন, বোন ফাতেমা খাতুন ও মেয়ে রাবেয়া সহ এলাকাবাসীর দাবি, মোহাম্মদ উল্যাহ একজন সুস্থ ও ভালো মানুষ। তার চার ছেলের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় তাকে নির্যাতনের পর হাত-পা বেঁধে পাগল সাজিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলকৈ শাস্তির দাবি জানিয়ে মোহাম্মদ উল্যাহকে ফেরত চান তারা।

অভিযুক্ত ছেলে জাহাঙ্গীর দাবি করেন, মানসিকভাবে অসুস্থ থাকায় তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোথায় ভর্তি করা হয়েছে জানাতে পারেননি তিনি।

এসময় ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীর বলেন, তার বাবা মোহাম্মদ উল্যাহ তাদের ওপর অত্যাচার করতেন। তাই চিকিৎসার জন্য একটি সংস্থার কাছে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, মোহাম্মদ উল্যাহকে হাত-পা বেঁধে মানসিক হাসপাতালে পাঠানোর প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। গতকাল শুক্রবার রাতে চরবংশী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মোহাম্মদ উল্যাহর বড় ভাই, মা, বোন, এক মেয়েসহ অর্ধশতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বৃদ্ধকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

 

এ জাতীয় আরও খবর

জমির উদ্দিনের জানাজা বিকেলে, সংসদ চত্বরে হবে দাফন

বৃষ্টিতে আবারও ডুবল ঢাকা, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, পথে পথে ভোগান্তি

চট্টগ্রামে ভারী বর্ষণে সড়কে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী

প্রাথমিক বৃত্তিতে পুরস্কৃত ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫

নিষ্প্রভ খেলেও সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রথমবার সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা আইআরজিসির

সুপার টাইফুনের আঘাতের অপেক্ষায় চীন, সরানো হলো ৯ লাখ মানুষ

জমির উদ্দিনের মৃত্যুতে শোক জানালেন ডা. শফিকুর রহমান

টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, দুর্ভোগে নগরবাসী

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, কৃতিত্ব দেখাল ৭৯ হাজার শিক্ষার্থী