রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে শতভাগ বিজয় নিশ্চিতে কাজ করতে হবে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মাটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিগত সময়ে জাতীয় নির্বাচনে এখানে আওয়ামী লীগের জয় শতভাগ হয়নি। তবে আগামী নির্বাচনে শতভাগ বিজয় নিশ্চিতে কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সোমবার দুপুর ২টায় নগরীর পাঁচলাইশ এলাকার দি কিং অব চিটাগাং ক্লাব চত্বরে চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরশ বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে যখন বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল তখন সীমাহীন দুর্নীতি, অন্যায়-অবিচার, গুম, হত্যা, খুন বেড়ে যায়। তখনই জনগণ সে সরকারকে হটাতে বাধ্য হয়। মানবিকতা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা দিয়ে যুবলীগ এগিয়ে যাচ্ছে। আপনাদেরও এসব যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে। ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। ২০২৩ সালে আবারও জননেত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে পরিশ্রম করতে হবে।

তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, কিছু কিছু গণমাধ্যম দেখবেন এখন বিরোধী দলের ভূমিকায় নেমেছে। একটি গণতান্ত্রিক দেশে গণমাধ্যম সরকারের সমালোচনা করার অধিকার রাখে। কিন্তু ওই সমালোচনা যদি উদ্দেশ্যপ্রণোদিত হয় তবে তার সমালোচনা করার অধিকার জনগণেরও রয়েছে।

তিনি বলেন, সরকার ব্যর্থ এটি প্রমাণ করতে মরিয়া একটি মহল। তবে এখন ওদের মুখের কথায় মানুষ বিভ্রান্ত হয় না। কিছু মানুষ রয়েছে সুযোগ সন্ধানী। তারা সবসময় মানুষকে জিম্মি করে আর্থিকভাবে লাভবান হয়। বিদেশে অর্থপাচার করে। দেশকে অস্থির করতে পারলে তাদের জন্য লাভ। এরা এখনও মাঠে সক্রিয়। তারা শক্তিশালী গণতান্ত্রিক সরকার চায় না।

তিনি আরও বলেন, বাংলাদেশের যুবসমাজ এসব ষড়যন্ত্র বরদাশত করবে না। আগামী নির্বাচন জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই হবে।

নগর যুবলীগকে নির্দেশনা দিয়ে পরশ বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে এক হতে হবে, গ্রুপিং বন্ধ করতে হবে, অনৈতিক ও অপরাধমূলক কাজ বন্ধ করতে হবে।

মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ প্রমুখ।