রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দি মায়ের সঙ্গে নির্দোষ শিশুদের শৈশব কাটছে চারদেয়ালে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন অনেক নারী। তাদের অনেকের সঙ্গেই আছে শিশুসন্তান। কারা বিধান অনুযায়ী, ছয় বছরের কম বয়সী শিশুদের মায়ের সঙ্গে কারাগারে অবস্থানের সুযোগ আছে। সেই সুবাদে বন্দি মায়ের সঙ্গে অনেক শিশুর শৈশবও কাটছে কারাগারের চার দেয়ালের মধ্যে। এতে শিশুর মানসিক বিকাশ ব্যাহত হওয়া ছাড়াও বৈরী পরিবেশের স্মৃতি নিয়ে তারা কারাগার থেকে বের হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুই বছরের বেশি সময় ধরে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আমেনা বেগম (ছদ্মনাম)। আমেনার সঙ্গে থাকছে তার চার বছর বয়সী শিশু সন্তানটিও। আমেনার নাম বন্দি তালিকায় থাকলেও নেই ছোট্ট শিশুটির নাম। তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই। দণ্ডিত মায়ের সাথে তাকেও কারাগারে থাকতে হচ্ছে।

শুধু আমেনা নন, আমেনার মতো কক্সবাজারের নাছরিন আকতার, মমতাজ বেগমও তাদের দুগ্ধপোষ্য শিশুকে সাথে নিয়ে চট্টগ্রাম কারাগারে আছেন কয়েক বছর ধরে। আমেনা বেগম, নাছরিন আকতার ও মমতাজ বেগমের সন্তানের মতো চট্টগ্রাম কারাগারে মায়ের সঙ্গে থাকছে ৬৩ নির্দোষ শিশু। এদের মধ্যে ৩২ জন ছেলে শিশু, ৩১ জন মেয়ে শিশু।

কারাগার সূত্র জানায়, কারাগারের অভ্যন্তরে থাকা একটি চারতলা ভবনের দুটি ওয়ার্ডে এসব শিশুরা তাদের মায়েদের সাথে থাকছেন। অন্যান্য বন্দিদের চেয়ে তাদের বিশেষ সুযোগ সুবিধা দেয়া হয়। বিশেষ করে শিশুদের দুধ ও চিনির পাশাপাশি ডিম, কলা ও পাউরুটিও দেয়া হয়। সম্প্রতি এসব শিশু ও তাদের মায়েদের সমাজসেবা অধিদপ্তর, জেলা প্রশাসন ও কারাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে শীতবস্ত্র দেয়া হয়।

কারা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুয়ায়ী, বর্তমানে চট্টগ্রাম কারাগারে বন্দি রয়েছে মোট ৭০৫১ জন। এর মধ্যে নারী বন্দি ৩৩৩ জন। এছাড়া কারাগারে থাকা ৭০৫১ বন্দির মধ্যে বেশিরভাগই হাজতি। কয়েদি রয়েছে প্রায় ৭০০ জন। এর মধ্যে ৮৮ জন হচ্ছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এদের ১ জন নারী।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সভাপতি আইনজীবী আকতার কবির চৌধুরী বলেন, ‘মহিলা রাইটার, হাজতি ও কয়েদিদের মাঝে বেড়ে ওঠায় কারাবাসে থাকা শিশুদের শিশুসুলভ আচরণগুলো লোপ পাচ্ছে। মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারাগারের ওই পরিবেশ থেকে তাদের সুস্থ পরিবেশে বড় হওয়ার বিকল্প সুযোগ করে দিতে হবে।’

বাংলাদেশ হিউমেন রাইটস ফাউন্ডেশনের পরিচালক ও চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, আমরা উন্নত দেশের নানা উদাহরণ দিই; কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশটা পর্যন্ত দিতে পারি না।

তিনি বলেন, ‘বিনা অপরাধে শিশু কারাগারে থাকার অর্থ হচ্ছে শিশু অধিকারের চরম লঙ্ঘন। তাদের পক্ষে কর্তৃপক্ষের গ্রহণযোগ্য ভূমিকা রাখা প্রয়োজন। যদিও সরকারের প্রতিনিধি, বেসরকারি সহযোগী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স শুধু রুটিন দায়িত্ব পালন করছেন। কারাগারে থাকা শিশুদের পুনর্বাসন বা অন্ধকার কুঠুরি থেকে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মুক্তির বিষয়ে তাদের কার্যকর কোনো পদক্ষেপ নেই। বাস্তবতা হচ্ছে, আমাদের দেশে এ মানসিকতা এখনো গড়ে উঠেনি।’

এ বিষয়ে কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম বলেন, কারাবিধি অনুযায়ী শিশুদের মায়েদের সাথে রাখা হয়। ৬ বছরের কম বয়সী শিশুরা এ সুযোগ পায়। এর বেশি হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কারাগারে থাকা শিশুদের আলাদা যত্নের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন শিশুর যা কিছু প্রয়োজন তার সবই রয়েছে কারাগারে। হাঁটতে পারে, পড়তে পারে, খেলতেও পারে। খেলাধুলার সরঞ্জাম রয়েছে। মায়েরাও পর্যাপ্ত সময় কাটাতে পারেন তাদের শিশুদের সাথে।

তিনি জানান, দিবাযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুরা এ সুযোগ-সুবিধা পাচ্ছে। যেমন বই, আদর্শলিপি, খাতা, কলম, পেনসিল, স্লেট, চক, ছবি আঁকার বোর্ড, বল, রং পেন্সিল ও নানা রকম খেলনা হাতের কাছে পায় শিশুরা।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু