রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইরে থেকে ঘরে ঢুকে যেসব সতর্কতা মেনে চলবেন

news-image

বিবিসি বাংলা : করোনাভাইরাস সংক্রমণের কারণে পুরো দেশেই অঘোষিত লকডাউন চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিসসহ সব ধরনের কল-কারখানা বন্ধ থাকার কারণে প্রায় সবাইকেই ঘরে থাকতে হচ্ছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে কিংবা স্বাস্থ্যসেবা নিতে সাধারণ মানুষদের অনেকেই আবার ঘর থেকে বের হতেও হচ্ছে।

এ ছাড়া যারা জরুরি সেবা ও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারাও অনেকেই দিনের একটা সময় ঘরের বাইরে থাকছেন। পেশাগত কারণে প্রায় প্রতিদিনই বাইরে বের হতে হয় জুবায়ের ফয়সালকে। তিনি বিবিসি বাংলাকে বলেন, করোনাভাইরাসে সংক্রমিত হওয়া নিয়ে তিনি যে পরিমাণ উদ্বিগ্ন তা বলে বোঝানো যাবে না।

তিনি জানান, বাইরে বের হওয়ার বিষয়ে যত ধরনের সাবধানতার পদক্ষেপ নেওয়া সম্ভব তার সবই নিয়ে থাকেন তিনি। এমনকি ঘরে নিজের পরিবারের অন্য সদস্যদের থেকে দূরে থাকেন তিনি।

তার ভাষায়, ‘যে জুতাটা পরে বের হই সেটা ঘরে ঢোকাই না। আমি আলাদা ঘরে থাকি। খাবারটা রেডি করে একটা জায়গায় রেখে দেয়, আমি খেয়ে নিই। ছোট একটা বাচ্চা আছে। সে আমার কাছে আসতে চায়। সবকিছু মিলে তো একটু কঠিনই।’

মোহাম্মদপুরের বাসিন্দা নুসরাত জাহান একজন স্কুল শিক্ষিকা। তিনি জানান, সাপ্তাহিক বা চার থেকে পাঁচ দিন পর পর বাজার আর ওষুধ কিনতে লকডাউনের মধ্যেও বাইরে বের হতে হয় তাকে। এই সময়টাতে করোনাভাইরাসের সংক্রমণ হয়ে যায় কিনা তা নিয়ে বেশ দুঃচিন্তার মধ্যেই থাকতে হয় তাকে।

তার ভাষায়, ‘অবস্থাটা এমন যে, বাসার কাউকে বাইরে বের হতে দিতে মন চায় না। আবার নিজে বের হলেও একটা অস্থিরতা কাজ করে।’

তবে বাইরে গেলেও কিছু সাবধানতা মেনে চলেন তিনি। হাতে গ্লাভস আর মুখে মাস্ক পরে বাইরে বের হন। আর বাইরে থেকে আসলে বাথরুমে গিয়ে ডেটল পানি দিয়ে কাপড় ধুয়ে গোসল করেন তিনি।

তিনি বলেন, ‘তবে এরপরেও মনে চিন্তা থেকে যায়। মনে হয় যে, কোনো কারণে হয়তো জার্মস চলে এসেছে শরীরে, কোথাও হয়তো রয়েছে জীবাণু।’

এমন পরিস্থিতিতে খুব বেশি জরুরি না হলে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আফজালুননেসা বলেন, ‘কাজ কতটা জরুরি আগে সেটা বিবেচনায় নিতে হবে। তারপর বাইরে বের হয়ে ফেরার পর বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।’

তিনি বলেন, ‘কমিউনিটি সংক্রমণ যেহেতু শুরু হয়ে গেছে, তাই ধরেই নিতে হবে যে আমাদের চারপাশে সবাই ইনফেকটেড। সেটা চিন্তা করেই সতর্কতাও সেভাবে নিতে হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, ‘বাইরে বের হতে হলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে বের হতে হবে। আর ঘরে ঢোকার সময়ও নিতে হবে সতর্কতা।’

তারা যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো হলো :

১. জরুরি কাজের তালিকা করা

বিশেষজ্ঞরা বলছেন, কোনো একটি বা দুটি নয় বরং বেশ কয়েকটি জরুরি কাজ হলে তারপরই বাইরে বের হওয়ার চেষ্টা করতে হবে। একদিনের জন্য পণ্য না কিনে বরং এক সপ্তাহে কী কী লাগবে সে পরিমাণ হিসাব করে বাজার করতে হবে। বাইরে বের হওয়ার আগে সেসব জরুরি কাজের তালিকা তৈরি করতে হবে এবং যত দ্রুত সম্ভব সেগুলো শেষ করতে হবে। এসময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

২.মাস্ক ও গ্লাভস পরা

বাইরে বের হলে অবশ্যই মাস্ক ও গ্লাভস পরে বের হতে হবে। আর ঘরে ঢোকার পর অবশ্যই মাস্কটি ফেলে দিতে হবে কিংবা সেটি পরিষ্কার ও জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে। হাতের গ্লাভসটিও প্রয়োজনে সাবান-পানি ব্যবহার করে জীবাণুমুক্ত করে নিতে হবে।

৩. ঘরে প্রবেশের মুখে জীবাণুনাশক ও জুতা ব্যবহারে সতর্কতা

ঘরে প্রবেশের আগে যদি সাবান-পানির মিশ্রণ কিংবা ক্লোরিন মিশ্রিত পানি কোনো একটি স্থানে রাখা যায়, যাতে জুতা ও পা ডুবিয়ে প্রবেশ করতে হবে। যে জুতা পরে বাইরে বের হবেন সেটিকে অবশ্যই ঘরের বাইরে রাখতে হবে। জীবাণুমুক্ত না করে কোনোভাবেই সেটিকে ঘরে তোলা যাবে না।

৪. পরিবারের অন্য সদস্যদের থেকে দূরে থাকা

ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন যাতে কাছে না আসে সেটি মাথায় রাখতে হবে। বিশেষ করে শিশু এবং বয়স্ক সদস্যদের থেকে দূরে থাকতে হবে। সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত হওয়ার আগ পর্যন্ত এটি কড়াকড়িভাবে মেনে চলতে হবে।

৫. হাত ও মুখ ধোয়া

বাসায় ঢুকেই হাত কনুই পর্যন্ত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। সাথে মুখমণ্ডলও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। সম্ভব হলে বাইরে থেকে ঘরে ঢুকে কারও সংস্পর্শে আসার আগে বাথরুমে গিয়ে গোসল করে ফেলতে হবে। পরিহিত পোশাকটিও সাবান-পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে ফেলতে হবে।

৬. দ্রব্য জীবাণুমুক্ত করা

বাইরে থেকে যে পণ্যদ্রব্য কিনে আনা হবে সেগুলো অবশ্যই জীবাণুমুক্ত করে তারপর সংরক্ষণ করতে হবে। জীবাণুমুক্ত করার ক্ষেত্রে শাকসবজি ও ফলমূল ভিনেগার মিশ্রিত বা লবণ পানিতে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। তারপর সংরক্ষণ করা যাবে। বাজারের ব্যাগ বা অন্য প্যাকেট সাবান-পানি বা ডেটল-পানি নিয়ে স্প্রে করে বা কাপড় ভিজিয়ে সেটি দিয়ে মুছে ফেলতে হবে। ওষুধের স্লিপ বা প্যাকেটগুলোও সাবান পানিতে ভেজানো কাপড় দিয়ে মুছে নিতে হবে।

৭. গরম পানির ভাপ নেওয়া

বর্তমান পরিস্থিতি খুব কাজে আসবে যদি কেউ বাইরে থেকে এসে ঘরে ঢুকে গরম পানির ভাপ নেয়। কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে ভালোভাবে গরগরা করতে হবে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু