সরাসরি যাত্রী পরিবহনে আমিরাতের সম্মতি

news-image

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইটে যাত্রী পরিবহনে সম্মতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিমানবন্দরে স্থাপিত ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনা পরীক্ষার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরও (এসওপি) গৃহীত হয়েছে। ফলে এখন থেকে প্রবাসী কর্মী তথা ইউএইগামী যাত্রীরা নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করে সরাসরি যেতে পারবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তাওহীদ-উল এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি জাগো নিউজকে বলেন, এখন থেকে প্রবাসী কর্মী/যাত্রীরা ফ্লাইটে সরাসরি সংযুক্ত আরব আমিরাত যেতে পারবেন।

তিনি বলেন, বিমানবন্দরে স্থাপিত ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনা পরীক্ষার অনুমোদনের জন্য যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পাঠানো হয়েছিল তা অনুমোদন দিয়েছে ইউএই কর্তৃপক্ষ। ফলে তাদের নির্দেশনা অনুসারে একজন যাত্রী যাত্রার ৪৮ ঘণ্টা আগে একবার এবং ছয় ঘণ্টা আগে বিমানবন্দরের স্থাপিত ল্যাবরেটরি থেকে করোনা পরীক্ষা করে রিপোর্ট নিয়ে ইউএই যেতে পারবেন।

তিনি আরও বলেন, ইউএইতে ফ্লাইট বন্ধ ছিল না। সরাসরি ফ্লাইট না থাকলেও অন্য দেশে ট্রানজিট হয়ে যাওয়ার সুযোগ ছিল। এখন থেকে বিমানবন্দরে নমুনা পরীক্ষা করে সরাসরি ইউএই যেতে পারবেন যাত্রীরা।

জানা গেছে, বুধবার দুপুরে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস বিমানবন্দরে স্থাপিত ল্যাবরেটরিতে আরটি-পিসিআর পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সম্মতি দেয়। দুপুর ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

দূতাবাসের সম্মতির চিঠি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর সাতটি বেসরকারি প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান ১৬ সেপ্টেম্বর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জমা দেয়। এসব এসওপি যাচাই করতে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়। এ বিষয়ে আজ সম্মতি দেয় আমিরাত।

অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান ছয়টি হলো- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আগে প্রতিষ্ঠানভেদে করোনা পরীক্ষার ফি ভিন্ন ভিন্ন থাকলেও বর্তমানে অনুমোদনপ্রাপ্ত সব প্রতিষ্ঠান এক হাজার ৬০০ টাকা ফি জমা দিয়ে ফ্লাইটের ছয় ঘণ্টা আগে পরীক্ষা করাতে পারবেন।

এর আগে গত আগস্টে আমিরাত সে দেশে যেতে যাত্রার ছয় ঘণ্টা আগে করোনার আরটি-পিসিআর পরীক্ষার শর্ত আরোপ করে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার