সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন মানি না: রিজভী

news-image

অনলাইন ডেস্ক : সংবিধানের ধারাবাহিকতা ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা এড়িয়ে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা গায়ের জোরের শামিল।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শামসুল হুদার স্মরণে মুগদা থানা বিএনপি ও অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, জুলাই সনদের বিভিন্ন বিষয় বাস্তবায়নে সাধারণ আইন প্রণয়নের পাশাপাশি কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের আপত্তি বা ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসে মতপার্থক্য দূর করতে হবে।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে নির্দিষ্ট আইনি কাঠামো ও ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। সংসদে আলোচনা এবং প্রয়োজনীয় সংবিধান সংশোধনের মাধ্যমেই এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের সংকট এবং মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে বাংলাদেশেও। এ পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি ও গ্যাস সংগ্রহের বিকল্প উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। তাঁর দাবি, এর ফলে শিল্পকারখানার উৎপাদন এবং সাধারণ মানুষের রান্নার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। রাজধানীর লোডশেডিং পরিস্থিতিও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
সরকারের অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরে রিজভী বলেন, অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক ও দরিদ্র মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড চালুর কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এ কর্মসূচি দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে।
এ ছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগ আকৃষ্ট করতে জাপান ও চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এবং চুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিশেষ করে টয়োটার মতো প্রতিষ্ঠানের কারখানা দেশে স্থাপনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরির কথা তুলে ধরেন।
স্মরণসভায় প্রয়াত শামসুল হুদার রাজনৈতিক জীবন ও ব্যক্তিত্বের প্রশংসা করে রিজভী বলেন, প্রায় চার দশকের রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বিনয়ী ও পরীক্ষিত নেতা। কারও সঙ্গে দুর্ব্যবহার বা সংঘাতে না জড়িয়ে অভিভাবকের মতো সবাইকে আগলে রাখতেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর মতো আদর্শনিষ্ঠ নেতার অভাব অনুভূত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন ও সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা।
এ ছাড়া স্থানীয় ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা স্মরণসভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

মিরপুরে দখলমুক্ত ফুটপাত, স্বস্তিতে পথচারীরা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

রোববার মজুরি বোর্ড, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

মৃত্যুতে নতুন রহস্য, মিলল নম্বরপ্লেটহীন বাইক

সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ইসরায়েলের নির্বাচন, সরকার গঠন নিয়ে জটিলতা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার মাত্র ৩৯.৯৬%

পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন রোববার

শতভাগ ফেল করা কলেজ একীভূত করার পরিকল্পনা সরকারের

উপনির্বাচনে বিরোধীদের জনপ্রিয়তা কমেছে: প্রতিমন্ত্রী ফরহাদ

তাহসিফ হত্যা: দীপের চার দিনের রিমান্ড

এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য, দেশসেরা আবদুল কাদির মোল্লা কলেজ