শতভাগ ফেল করা কলেজ একীভূত করার পরিকল্পনা সরকারের
অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার। এসব কলেজ বন্ধ না করে আশপাশের ভালো ফল করা প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের চিন্তাভাবনা চলছে। তবে এ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি হারানোর আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় প্রয়োজনের তুলনায় বেশি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এসব প্রতিষ্ঠান রাতারাতি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তাই সীমিত পরিসরে কীভাবে প্রতিষ্ঠানগুলো পুনর্বিন্যাস করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, এবারও শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এসব কলেজের অবস্থান ও পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনায় নিয়ে একীভূত করার বিষয়টি পর্যালোচনা করা হবে। তবে এতে কোনো শিক্ষকের চাকরি যাবে না বলে তিনি আশ্বস্ত করেন।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। ভবিষ্যতে ফলাফলের উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।











