মেট্রোরেলের প্রথম চালক কে এই মরিয়ম?

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো মেট্রোরেলের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার। প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে মেট্রোরেলের প্রথম চালক হতে যাচ্ছেন মরিয়ম আফিজা। দেশের ঐতিহাসিক এই মুহূর্তের অংশ হতে পারে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মরিয়ম।

মেট্রোরেলের প্রথম চালক হতে যাওয়া মরিয়ম পড়াশোনা করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তিনি কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পান ২০২১ সালের ২ নভেম্বর।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে জন্ম নেওয়া মরিয়ম বলেন, ‘মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে আমি কোথাও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে কয়েকটি ট্রেনিং করেছি। এখনো ট্রেনিংয়ের মধ্যেই আছি।’

মরিয়ম জানান, টানা এক বছর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। প্রস্তুতি নিয়েছেন দ্ক্ষ চালক হিসেবে নিজেকে তৈরি করার।

জানা গেছে, চট্টগ্রামের হালিশহরের রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাস প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফেরেন মরিয়ম। এরপর আবারও চার মাস প্রশিক্ষণ নেন। এ ছাড়াও মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিয়েছেন তাদের।

ট্রেন চালানোর জন্য কতটুকু প্রস্তুত জানতে চাইলে মরিয়ম বলেন, ‘আমি চালক হিসেবে ট্রেনিংয়ের সবগুলো ধাপ পেরিয়েছি।’ তবে এখনো দক্ষতা অর্জনের জন্য প্রতিনিয়ত শিখছেন বলে জানিয়েছেন দেশের ইতিহাসের গর্বিত অংশ হতে যাওয়া মেট্রোরেলের নারী চালক মরিয়ম।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। আর মেট্রোরেল চালাতে নিয়োগ দেওয়া চালকরা যাতে প্রত্যেকটি ট্রেন দক্ষতার সঙ্গে চালাতে পারে, সেজন্য তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চালকদের মধ্যে ছয়জন নারী রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করলেও সাধারণ যাত্রীরা চলাচল করতে পারবে ২৯ ডিসেম্বর থেকে। প্রথম দিকে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলবে। উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচলের পথে কোথাও থামবে না ট্রেনটি।

সংশ্লিষ্টরা জানান, মানুষকে অভ্যস্ত করার জন্য প্রথম দিকে বেশি যাত্রী নেওয়া হবে না। মানুষ অভ্যস্ত হয়ে গেলে তিন মাসের মধ্যে পূর্ণভাবে মেট্রোরেল চালানো হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান