ব্যাংকঋণ থেকে মুক্তি পেতে বরকত-রুবেলের ১২ বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ইনস্যুরেন্সের টাকা দাবি ও ব্যাংকঋণের দায় থেকে মুক্তি পেতে ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত-রুবেলের ১২টি বাস পোড়ানো হয়েছে। এ ঘটনায় বরকত–রুবেলের ঘনিষ্ঠ তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার বিকেলে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা। তিনি জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন আজ বিকেলে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট মহল্লার বাসিন্দা জহুরুল ইসলাম ওরফে জনি (২৪) ও পারভেজ মৃধা (২১) এবং পাশের নদরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামের মোহাম্মদ আলী (৪১)। জহুরুল ইসলাম ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় রাখা বরকত ও রুবেলের মালিকানাধীন ২২টি বাস দেখাশোনা করতেন। মোহাম্মদ আলী ওই বাসগুলোর রক্ষণাবেক্ষণের জন্য নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। এ ছাড়া পারভেজ মৃধাকে এ মামলার সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার হেলিপোর্ট এলাকা থেকে ওই তিনজনকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়।

লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুল হক ও মোহাম্মদ আলী বাসে আগুন দেওয়ার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মানি লন্ডারিং মামলায় জব্দ করা বাসগুলোর ইনস্যুরেন্সের ক্ষতিপূরণ ও ব্যাংকঋণের দায় থেকে অব্যাহতি পাওয়ার জন্য আগুন দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার প্রমুখ।

প্রসঙ্গত, ১২ মার্চ সকালে বাসগুলো পোড়ানোর ঘটনা ঘটে। ওই দিনই ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফফার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নাশকতার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করছেন ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন।

এসআই ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, জহুরুল ইসলাম ও মোহাম্মদ আলী সোমবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই দুজনের জবানবন্দিতে অপর আসামি পারভেজের নাম এসেছে। জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে সাজ্জাদ হোসেনের স্ত্রী সুরাইয়া পারভীন বলেন, যে ১২টি বাস পোড়ানো হয়েছে, তার মধ্যে একটি বাসের ক্ষেত্রে ২০ লাখ টাকা ঋণ ছিল। আর কোনো ঋণ ছিল না। বাসগুলোর ইনস্যুরেন্স করা কি না, তা তার জানা নেই। সুরাইয়া পারভীন অভিযোগ করেন, যে জায়গায় বাসগুলো রাখা ছিল, সে জায়গার মালিক সাজ্জাদ হোসেন। মিজান চৌধুরীর কাছ থেকে ওই জায়গা কিনে নেওয়া হয়। মিজান চৌধুরী ওই জায়গা দখল করার জন্য বাসগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছেন। দুই বছর ধরে বাসগুলো ওই জায়গায় আছে, কোনো ক্ষতি হয়নি। মিজান চৌধুরী যখন শেড ভেঙে বিক্রি করে দেন, তারপর এ আগুন লাগার ঘটনা ঘটল।

সুরাইয়া পারভীনের অভিযোগ অস্বীকার করে শহরের ওয়্যারলেসপাড়ার বাসিন্দা মিজান চৌধুরী বলেন, তিনি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত নন। অবে আগুন লাগার খবর শুনে তিনি ঘটনাস্থলে এসেছিলেন। মিজান চৌধুরী দাবি করে বলেন, বাসগুলো রাখা হয়েছিল তার মালিকানাধীন জায়গায়। আগুন লাগার ১৫ দিন আগে তিনি পুলিশের সঙ্গে আলাপ করে বাসের শেডটি সরিয়ে ফেলেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ওই বাসগুলো ছাড়া এই অর্থ পাচার মামলার আলামত হিসেবে ফরিদপুরের বাইপাস ও চরাঞ্চলে বেশ কিছু আলামত সংরক্ষিত ছিল। গত দেড় মাসের মধ্যে ওই আলামতগুলো চুরি হতে শুরু করে। এসব চুরির ঘটনায় এ পর্যন্ত অন্তত পাঁচটি মামলা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১৫ জনকে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার