বৈঠকের মধ্যেই ডোমিনিকান মন্ত্রীকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : ডোমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী অরল্যান্ডো জর্জ মেরাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘনিষ্ঠ এক বাল্যবন্ধুর গুলিতে তিনি প্রাণ হারান বলে জানিয়েছে দেশটির সরকারের একজন মুখপাত্র।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, হামলার শিকার হওয়ার সময় ৫৫ বছর বয়সী অরল্যান্ডো জর্জ মেরা নিজের কার্যালয়ে একটি বৈঠক করছিলেন। সে সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির পুলিশ জানিয়েছে, এ সময় ছয়টি গুলির শব্দ শোনা যায়।

দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র হোমেরো ফিগুয়েরো জানান, মন্ত্রীকে তার শৈশবের এক বন্ধু কার্যালয়ে হত্যা করেছেন। তার নাম মিগুয়েল ক্রুজ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

বিবিসি বলছে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিগুয়েল ক্রুজকে আটক করেছে। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন।

এদিকে, হত্যাকাণ্ডের পর নিজের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি লুইস আবিনাডার। বিবৃতিতে তিনি জর্জ মেরার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, তিনি তার ভালো বন্ধুর মৃত্যুতে গভীরভাবে দুঃখ প্রকাশ করছেন।

প্রসঙ্গত, অরল্যান্ডো জর্জ একটি শক্তিশালী রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তিনি প্রাক্তন ডোমিনিকান রাষ্ট্রপতি সালভাদর জর্জ ব্লাঙ্কোর ছেলে এবং তার বোন আবিনাডার প্রশাসনের একজন সহমন্ত্রী। জর্জ একজন আইনজীবী, যিনি ২০২০ সালের আগস্টে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী নিযুক্ত হন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান