বৃষ্টিভেজা কামিনীর হাসি

news-image

বৃষ্টি তখনও হয়নি শেষ। চলছে অশান্ত বর্ষণধারা। বারান্দার কাছে দাঁড়াতেই চোখ গিয়ে ঠেকলো প্রিয় কামিনীর দিকে। দেখি, ফুল সমেত কামিনী ভিজে-সেজে একাকার। আমার দিকে কেমন মিষ্টি করে তাকিয়ে সে হাসছে! আমাদের বাড়ির বহু পুরোনো সঙ্গী সে। সেই ১৯৮৭ সাল থেকে তার ধীরে ধীরে বেড়ে ওঠা। স্মৃতিময় দিনগুলোর উজ্জ্বল সাক্ষী হয়ে আজও ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে কামিনী। বছরের পর বছর ধরে তার মতো করে কত শত-সহস্র ফুল সে ফুটিয়েছে। গন্ধ বিলিয়েছে নীরবে-নিভৃতে। ইদানীং এ কামিনী গাছটির প্রতি গভীর মমতা টের পাচ্ছি। হয়তো আর কিছু দিন পরেই মৃত্যু এসে জাপটে ধরবে তাকে। ফুরোবে তার সব সজিবতা। তবু এতো বছর ধরে ফুল ফুটিয়ে যাওয়ার বিনিময়ে গভীর কৃতজ্ঞতাবশতও শুধু তাকে উদ্দেশ্য করে অন্তত দু’এক লাইন লিখতে না পাবার যন্ত্রণা হবে আমার সারাজীবনের সঙ্গী। বর্ষা মৌসুম এলেই তার ব্যস্ততা বেড়ে যায় অনেকখানি। সবার আগে নিজেকে সবুজের মাঝে শ্বেতশুভ্র করে রাঙিয়ে তোলার সেই প্রাকৃতিক ব্যস্ততা। পুষ্পিত কামিনীর অসংখ্য ফুলের ভারে কখনো কখনো ডালগুলো কিছুটা নুয়ে পড়ে। কামিনীর ফলগুলো হয় ক্ষুদ্র ডিম্বাকৃতির। সেগুলো পাকলে লাল-কমলা রং ধারণ করে। বহুদিন লক্ষ্য করেছি, সন্ধ্যা যখন গভীর হয়ে রাতের মিশে যেতে থাকে- তখন তার জেগে ওঠার প্রকৃত সময়। প্রতিটি ফুলের সুবাসকে সে বাতাসের ভেতর সুকৌশলে প্রবেশ করিয়ে দেয়। সুঘ্রাণ এসে হঠাত মনোযোগ কেড়ে নেয় নিমিষেই। আহা! কী মিষ্টি গন্ধ কামিনীর!

প্রখ্যাত কথাসাহিত্যিক ও নিসর্গবিদ বিপ্রদাশ বড়ুয়া এ প্রসঙ্গে বলেন, কামিনী হলো রাতের কুমারী ফুল; কারণ সে কমনীয়। কামের আধার ও উদ্রেককারী। তার সুগন্ধ মত্ততা রাতে। তাই তার সৌরভে রাত্রি হয় উতলা। কাম্য বলেই সে কামিনী। তিনি আরও বলেন, গাছটির শরীর বা ডাল মোটেই মসৃণ-সুন্দর নয়। ফাটা ফাটা। কিন্তু মখমলের মতো প্রায় কমনীয়। পাতা আঙুলের মাথার মতো ছোট। কিন্তু ওষুধিগুণে ভরা তার পাতা, ছাল ও শেকড়। কামিনীর বৈজ্ঞানিক নাম Murraya exotica। চার/পাঁচ মিটার পর্যন্ত হয় গাছের উচ্চতা। ফুল ফোটার মৌসুম প্রধানত বর্ষা। তবে অন্যান্য সময়েও দু’একবার ফোটে। তবে বর্তমানে এ গাছগুলো ফুল বিক্রেতাদের হিংস্রতার শিকার হচ্ছে। ফুলের ঝুড়ি সাজাতে ফুলবিক্রেতারা কামিনীর ডালপালা ব্যবহার করায় এ প্রজাতির গাছটি বর্তমানে হুমকির মুখে। কামিনী একটি বৈশিষ্ট্য হলো বৃষ্টির আগেই সে ফুটে রয়। কিন্তু বৃষ্টিফোঁটার ধাক্কাগুলো সে কিছুতেই সহ্য করতে পারে না। বৃষ্টিধারায় তার পাপড়িগুলো সহজেই মাটিতে লুটিয়ে পড়ে। গাছের নিচে পড়ে থাকা পাপড়িগুলোতে তখন নতুন এক সৌন্দর্য প্রকাশিত হয়। বৃষ্টিস্নাত রাত কামিনীর গন্ধে ভরে ওঠার জন্য চুপিচুপি বারবারই ফিরে আসে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার