ফর্মে ফেরা সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে গায়ানার টানা চতুর্থ জয়

news-image

ক্রীড়া ডেস্ক : প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানার বিপক্ষে আগে ব্যাট করে ১২৫ রানেই গুটিয়ে গিয়েছিল বার্বাডোজ রয়্যালস। জবাবে মাত্র ৮৭ বল খেলেই ৫ উইকেটেই ম্যাচ জিতে নিয়েছে গায়ানা। দারুণ ফর্মে থাকা সাকিব খেলেছেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস, বল হাতে নিয়েছেন একটি উইকেট।

নিজেকে যেন ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে উড়ন্ত ফর্মে রয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। পরপর দুই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতালেন তিনি। সোমবার লিগপর্বের শেষ ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়ে সাকিবের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে টানা চতুর্থ জয় উপহার দিলেন তিনি।

নিজেদের প্রথম ছয় ম্যাচে মাত্র একটি জিতেছিল গায়ানা। যে কারণে প্রথম রাউন্ডে বাদ পড়ে যাওয়ার শঙ্কায় ছিল তারা। সাকিব ও রহমানউল্লাহ গুরবাজরা যোগ দেওয়ার পর শেষ চার ম্যাচের সবকয়টি জিতে দ্বিতীয় হয়ে প্লে-অফের টিকিট কাটলো শিমরন হেটমায়ারের দল। ফলে ফাইনালে ওঠার জন্য দুইটি সুযোগ পাবে তারা।

মঙ্গলবার রাতে প্রথম কোয়ালিফায়ারে আবার বার্বাডোজের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচ জিতলেই চলে যাবে ফাইনালে। হারলেও থাকবে সুযোগ। সেক্ষেত্রে এলিমিনেটর খেলা সেইন্ট লুসিয়া কিংস ও জ্যামাইকা তালাওয়াজের মধ্যকার জয়ী দলের বিপক্ষে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

বার্বাডোজের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন জেসন হোল্ডার। আজম খানের ব্যাট থেকে আসে ২০ রান। শেষদিকে মুজিব উর রহমান ১৫, ওবেদ ম্যাকয় ১০ ও র‍্যামন সাইমন্ডস ১৩ রান করলে ১২৫ রানে থামে বার্বাডোজ। গায়ানার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড।

পরে রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারের মধ্যে মাত্র ১৮ রানে ২ উইকেট হারিয়ে খানিক বিপদেই পড়ে যায় গায়ানা। সেখান থেকে গুরবাজকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ করেন সাকিব। এ দুজনের তৃতীয় উইকেট জুটিতে মাত্র ৭.২ ওভারে আসে ৭৯ রান।

দলীয় শতরান পূর্ণ হওয়ার আগেই সাজঘরে ফেরেন সাকিব। তবে তার আগে মাত্র ২৭ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে পাঁচ চার ও তিনটি ছয়ের মারে করেন ৩০ বলে ৫৩ রান। এছাড়া গুরবাজের ব্যাট থেকে আসে ২২ রান। সাকিবের এমন ব্যাটিংয়ের সুবাদে ৩৩ বল আগেই ম্যাচ জিতে নিয়েছে গায়ানা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার