পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন রোববার
অনলাইন ডেস্ক : পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ উদ্যোগের পর শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, শুক্রবার শ্রমিক নেতাদের সঙ্গে টানা পাঁচ ঘণ্টার আলোচনার পর মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিকপক্ষের প্রতিনিধিরাও এ সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। ফলে মজুরি বোর্ড গঠন নিয়ে আর কোনো বিরোধ থাকার কথা নয় বলে মনে করেন তিনি।
শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান আরিফুল হক চৌধুরী। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা সংশ্লিষ্ট কারখানার মালিকদের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া পরিশোধের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
মন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। তাই কারখানা ভাঙচুর কিংবা উৎপাদন বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি করা উচিত নয়। এতে দেশের তৈরি পোশাকশিল্প ক্ষতির মুখে পড়তে পারে।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করলেও বাইরে থেকে কিছু ব্যক্তি এসে তাঁদের উসকানি দিচ্ছেন। প্রকৃত শ্রমিক এবং আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
শ্রমিকদের বেতন পরিশোধের সময়সীমা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। এতে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানো সম্ভব হবে না এবং মালিকপক্ষের আয় বাধাগ্রস্ত হলে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা দেখা দিতে পারে।
এ সময় শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার কাজ করছে। তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।
সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং বিজিএমইএর সহসভাপতি মো. রেজওয়ান সেলিমসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











