নিখোঁজ ছাত্রদল নেতার স্ত্রী মারুফার দীর্ঘ সংগ্রাম চূর্ণ হলো বাসের চাকায়

news-image

অনলাইন ডেস্ক : নিখোঁজ ছাত্রদল নেতা মফিজুল ইসলাম রাশেদের স্ত্রী মারুফা ইসলাম রুমা (৪০) বুধবার রাজধানীতে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

ছাত্রদল সূত্র এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, বুধবার সকাল অনুমান সাড়ে ১০টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে রওনা হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নামেন তিনি। বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ধানমন্ডির দিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়।

তবে এ বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিখোঁজ ব্যক্তির স্বজনদের নিয়ে গড়ে ওঠা মায়ের ডাকের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গাবুয়া গ্রামে জানাজা শেষে মারুফার লাশ দাফন করা হয়।

মারুফা ইসলাম রুমার দুর্ঘটনার খবরে তাৎক্ষণিক হাসপাতালে ও স্থানীয় থানায় ছুটে যান মায়ের ডাকের সমন্বয়কারী আফরোজা ইসলাম আঁখি, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, অধিকারের সাইফুল ইসলাম, আইন ও সালিস কেন্দ্রের ফরিদ। এ ছাড়া ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে সাইদুল ইসলাম রিমন, রামিমুল ইসলাম রিফাদকে রেখে গেছেন।

মারুফার সঙ্গে পরিচয় ছিল জানিয়ে বার্তা সংস্থা এপির ব্যুরো প্রধান শফিকুল আলম জানান, যখন তার স্বামী নিখোঁজ হন (২০১২ সালে) রুমা তখন একজন সাধারণ গৃহিণী ছিলেন। তিনি তার বাড়ির পাশে কোথায় বাজার আছে তাও জানতেন না। তিনি ছিলেন বাংলাদেশের আর দশজন স্বল্পশিক্ষিত গৃহিণীদের মতো, যাদের জগত আবর্তিত হতো স্বামী ও সন্তানদের নিয়ে। তিনি সব সময় ঘরেই থাকতেন আর তার স্বামী বাইরের কাজ করতেন। তখন তার বড় ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত আর ছোট ছেলের বয়স ছিল তিন বছর।

তিনি জানান, রাশেদ নিখোঁজ হওয়ার পর রুমা বিভিন্নজনের কাছে গিয়ে গিয়ে তার স্বামীর খোঁজ করেছেন। একই সময়ে তিনি তার সন্তানদের লেখাপড়াও করিয়েছেন।

শফিকুল আলম অপর এক নিখোঁজ ব্যক্তির বোনের বরাত দিয়ে জানান, রুমা কার্যত দলীয় লোকজন থেকে শুরু করে বিভিন্নজনের কাছে হাত পেতে সংসার আর বাচ্চাদের লেখাপড়ার খরচ জোগাড় করেছে। এমনও দিন গেছে বাস ভাড়া না থাকায় মাইলের পর মাইল সে হেঁটেছে।

শফিকুল আলম ফেসবুকে আরো লেখেন, রুমা মায়ের ডাকের প্রায় সব কর্মসূচিতেই অংশ নিতেন। তার স্বামীর লেমিনেটেড একটি ছবি হাতে নিয়ে তিনি কর্মসূচিতে দাঁড়াতেন।

তিনি জানান, কয়েক বছর আগে রুমা তার দুই সন্তানকে নিয়ে সাভারে চলে যান। সেখানে দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় থাকছিলেন। ওই বাসা ছিল নড়বড়ে, বৃষ্টি হলে অজস্র ছিদ্র দিয়ে পানি পড়ত। ভাড়া দিয়ে বাসায় থাকার মতো টাকা মারুফার ছিল না। তার বড় ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এখন একটা পোশাক কারখানায় কাজ করছেন।

শফিকুল অন্যের বরাত দিয়ে বলেন, তার ছেলেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ফি জোগাড়ের জন্য এখনো তাকে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ জোগানোর চিন্তায় তার বড় ছেলের এ বয়সেই উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে।

শফিকুল লেখেন, রুমা সব সময় ভাবতেন তার স্বামী ফিরে আসবেন। তিনি কখনো আশা ছাড়েন নাই। বুধবার তার সমস্ত আশা চূর্ণ হয়ে গেল বাসের চাকায়।

রাজধানীর দারুস সালামের ছাত্রদল নেতা ছিলেন মফিজুল ইসলাম রাশেদ। তাকে রাজধানী আদাবর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করে পরিবার। ২০১৪ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিখোঁজ ও নিহত ২১ নেতাকর্মীর পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেন। তখন রাশেদের পরিবারকেও সহায়তা দেওয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার