দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবলীগ নেতার

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্ড যুবলীগের কমিটিতে পদ না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণার পর দুধ দিয়ে গোসল করেছেন সানোয়ার হোসেন নামে এক ব্যক্তি। আজ রোববার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটিয়ার হাট বাজারে তিনি দুধ দিয়ে গোসল করেন। তার গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সানোয়ার আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পারিবারিকভাবে তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল আজগানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলন ছিল। এতে তিনজন সভাপতি পদে ও তিনজন সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। সানোয়ার ছিলেন সভাপতি প্রার্থী । পরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং যুবলীগের নেতারা একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এতে আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক করা হয় রোমান সরকারকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয় সুরুজ আলমকে। এ ছাড়া সেখানে কার্যকরী সদস্য-১ নম্বরে রাখা হয় সানোয়ারকে। তিনি ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

দুধ দিয়ে গোসল করার সময় সানোয়ার বলেন, ‘আমি এই দুর্নীতিগ্রস্ত দল থেকে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের কোনো কার্যক্রমে কোনো নেতার সঙ্গে আর থাকব না। আমি কান ধরে উঠবস করছি, আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে যাব না। আমি আওয়ামী লীগের হয়ে মরতে চাই না। আমি মুসলমান, কালেমা পড়ে মরতে চাই।’ এ সময় সানোয়ারের ব্যবহৃত মোটরসাইকেলটিও দুধ দিয়ে ধোয়া হয়।

আজগানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ শিকদার বলেন, ‘গতকাল ১ নম্বর ওয়ার্ড যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দলের ত্যাগী নেতাদের পদ দেওয়া হয়েছে। যারা সুবিধাবাদী, দলের নাম ব্যবহার করে চলে, কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি। এতে পদবঞ্চিত হয়ে সানোয়ার স্থানীয় বাজারে দুধ দিয়ে গোসল করেছেন। তিনি মূলত ওই বাজারের একজন দোকানি। তার দুধ দিয়ে গোসলের ভিডিও ফেসবুকে দেখেছি। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিক সিকদার জানান, সানোয়ারের পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে। দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও পদ না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন সানোয়ার।

এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, ‘যুবলীগের কাউন্সিলে সানোয়ার একাই এসেছে। সারাক্ষণ চুপচাপ থেকে দ্বিতীয় পর্বে প্রার্থিতা ঘোষণা করে। আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা আলোচনার মাধ্যমে একটি কমিটি দিয়েছে। সেই কমিটির সদস্য সানোয়ার। কারো উসকানিতে সে এই কাজ করতে পারে।’

আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার বলেন, ‘সানোয়ারের বাবা আব্দুর রাজ্জাক একজন ত্যাগী আওয়ামী লীগ নেতা। সানোয়ার নিজেও যুবলীগের সক্রিয় কর্মী। তার বিষয়টি যুবলীগের নেতাদের বিবেচনা করা উচিত ছিল।’

ত্যাগী আওয়ামী পরিবারের একজন সন্তানকে পদবঞ্চিত করার জন্য তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামকে দায়ী করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার