জিততে ভুলে গেছে জুভেন্টাস

news-image

অনলাইন ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব হাড়ে হাড়েই যেন টের পাচ্ছে জুভেন্টাস। আলোচনার জন্ম দিয়ে তুরিন ছেড়ে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন সিআর সেভেন।

এদিকে পর্তুগিজ উইঙ্গারকে হারিয়ে ‘ঢাল-তলোয়ারহীন সৈনিক’ হয়ে দাঁড়িয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। সিরি’আর চলতি মৌসুমে চার ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের দেখা পায়নি তুরিনের বুড়িরা।

এবার ঘরের মাঠ তুরিনে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও এসি মিলানের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে জুভরা। পয়েন্ট তালিকাতেও তলানিতে গিয়ে ঠেকেছে লিগ ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটি।

আশ্চর্যজনক হলেও সত্যি, টেবিলে অবনমন অঞ্চলে অ্যালেগ্রির শিষ্যরা। চার ম্যাচে ২ হার ও ২ ড্র নিয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে জুভেন্টাস। যেখানে সমান ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে মিলান। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান।

লিগের ৬০ বছরের মধ্যে এবারই সবচেয়ে বাজে শুরু জুভদের। ১৯৬১-৬২, ১৯৫৫-৫৬ ও ১৯৪২-৪৩ মৌসুমের পর এই নিয়ে চতুর্থবারের মতো চার ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি জুভেন্টাস।

অবশ্য মিলানের বিপক্ষে ম্যাচের শুরুতে পাওয়া গোলে জয়ের স্বপ্ন দেখছিল অ্যালেগ্রির দল। দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে পাওলো দিবালার পাস থেকে চতুর্থ মিনিটে জুভদের এগিয়ে দেন আলভারো মোরাতা।

সিরি’আয় জয় না পেলেও চ্যাম্পিয়নস লিগে গত সপ্তাহে সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে জয় পেয়েছিল ইতালিয়ান জায়ান্টরা। ৩-০ ব্যবধানে জয়ের সেই ম্যাচে দলের শেষ গোলটি করেন মোরাতা। জুভদের হয়ে চলতি মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে তিন গোল করলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

মিলানের বিপক্ষে প্রথমার্ধ পর্যন্ত মোরাতার গোল ধরে রেখে লিগে মৌসুমের প্রথম জয়ের স্বপ্ন দেখছিল তুরিনের বুড়িরা। কিন্তু শেষ মুহূর্তে তাদের সেই স্বপ্ন কেড়ে নেন আন্তে রেবিচ। ৭৬তম মিনিটে সান্দ্রো তোনালির কর্নার থেকে হেডে মিলানকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান উইঙ্গার।

জুভদের বিপক্ষে মিলানের এই ড্র যেন জয়েরই সমান। যেখানে কোচ স্তেফানো পিওলির স্কোয়াডে ছিলেন না তিন মূল খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচ, অলিভিয়ের জিরু ও দাভিদ কালাব্রিয়া। জুভদের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করার আগে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-২ ব্যবধানে পারে মিলান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার