চাকরি হারালেন সাবেক ডিবিপ্রধান হারুন
অনলাইন ডেস্ক : সাবেক ডিবিপ্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তাঁর বরখাস্ত কার্যকর বলে গণ্য হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) পদে দায়িত্ব পালনকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন হারুন অর রশীদ। তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানাসহ ই-মেইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কাজে যোগ দেননি।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় পুলিশ অধিদপ্তর। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১৫ এপ্রিল ০০৫/২০২৫ নম্বরে বিভাগীয় মামলা করা হয়। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি।
অভিযোগ তদন্তে ২২ জুন একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ৬ আগস্ট জমা দেওয়া প্রতিবেদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপর ২০ আগস্ট তাঁকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। চাকরি থেকে বরখাস্তের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত চাওয়া হলে গত ১ অক্টোবর কমিশন এ সিদ্ধান্তের পক্ষে মত দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভাগীয় মামলার নথি, তদন্ত প্রতিবেদন ও সরকারি কর্ম কমিশনের সুপারিশ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনটি জারি করেন। আদেশে বরখাস্তের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।











