কোভিড সারাতে মুখে খাওয়া বড়ি আনছে ফাইজার, কার্যকারিতা ‘৮৯ শতাংশ’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি সুখবর শোনালো ফাইজার। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তদের সারিয়ে তুলতে মুখে খাওয়া বড়ি আনছে তারা। প্রাথমিকভাবে এ ওষুধের কার্যকারিতা ৮৯ শতাংশ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।

ট্রায়ালের ফলাফলে দেখা যায়, কোভিড-১৯ সারাতে ফাইজারের ওষুধ তাদের প্রতিদ্বন্দ্বী মার্কের তৈরি মলনুপিরাভিরের চেয়েও বেশি কার্যকর। মার্কের ওষুধটি করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তি বা রোগীদের মৃত্যুঝুঁকি অর্ধেকে নামাতে সক্ষম। সেই তুলনায় ফাইজারের প্যাক্সলোভিডের কার্যকারিতা প্রায় দ্বিগুণের কাছাকাছি।

রয়টার্সের খবর অনুসারে, চলতি বছরের শেষের দিকে মার্কিন নীতিনির্ধারকদের অনুমোদন পেতে পারে ফাইজারের ওষুধটি। তারা আগামী ২৫ নভেম্বরের আগেই প্রাথমিক ট্রায়ালের ফলাফল মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) হাতে তুলে দেবে বলে জানিয়েছে।

ফাইজারের ওষুধ পেতে উন্মুখ হয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেছেন, এফডিএ’র অনুমোদন পেলে আমাদের কাছে শিগগিরই এমন ওষুধ থাকবে, যা ভাইরাসে আক্রান্তদের সুচিকিৎসা দেবে। করোনার নিকৃষ্ট ফলাফল থেকে মানুষকে রক্ষায় এটি আমাদের আরেকটি হাতিয়ার হবে।
মূলত রিটোনাভির নামে একটি পুরোনো অ্যান্টভাইরাল ওষুধের সংমিশ্রণে তৈরি করা হয়েছে ফাইজারের প্যাক্সলোভিড। কোভিড-১৯ সারাতে দৈনিক এর তিনটি ট্যাবলেট খেতে হবে।

ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা অন্তত ৯০টি দেশের সঙ্গে প্যাক্সলোভিড সরবরাহের বিষয়ে কথা বলছেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব বিশ্বের সবার কাছে এটি সহজলভ্য করা।

বোরলা জানান, ধনী দেশগুলোতে ফাইজারের ওষুধের দাম মার্কের ওষুধের দামের কাছাকাছি রাখা হতে পারে। তবে দরিদ্র দেশগুলোর জন্য ফাইজার ভিন্ন কিছু নীতি বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুসারে, মলনুপিরাভিরের পাঁচ দিনের কোর্সের মূল্য প্রায় ৭০০ ডলার। তবে তাদের আগেই গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিশ্বের প্রথম দেশ হিসেবে এ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

করোনার মহামারি নির্মূলে ফাইজার ও মার্ক উভয়ের ওষুধের জন্যই বিশ্ববাসী অধীর আগ্রহ নিয়ে রয়েছে। তবে তাদের কারও ট্রায়ালেরই পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, ফাইজার ও মার্কের ট্যাবলেট আসলেও টিকা নেওয়াই থাকবে করোনাভাইরাস প্রতিরোধের সবচেয়ে সেরা উপায়। ইতিহাসের অন্যতম ভয়াবহ এই মহামারি দু’বছরেরও কম সময়ে অর্ধকোটির বেশি মানুষের প্রাণ কেড়েছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে সাড়ে সাত লক্ষাধিক।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার