কারামুক্ত হলেও মানসিকভাবে বিপর্যস্ত খাদিজা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে ৪৫০ দিন কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। কারাগার থেকে বের হয়ে মুক্ত বাতাসে এলেও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে সরাসরি জবিতে ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে আসেন খাদিজা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও বেলা ১১টা ৩০ মিনিটে হলে প্রবেশ করেন তিনি। দুই ইয়ার লস দিয়ে চতুর্থ ইয়ারে পরীক্ষায় বসেছেন তিনি।

পরীক্ষা শেষে খাদিজা বলেন, আমি আজ কারাগার থেকে বের হয়েছি। আমার মুক্তির পেছনে গণমাধ্যমের অনেক ভূমিকা ছিল, তাই আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ। আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তাই আমি এ মুহূর্তে কথা বলতে পারছি না।

এদিকে, মুক্তির পর কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে খাদিজা বলেন, আমার সঙ্গে অন্যায় তো হয়েছেই। বিনা দোষে আমি প্রায় ১৫ মাস জেল খাটলাম। এর চেয়ে বেশি কিছু আর এখন বলতে চাই না। বলার মতো মন-মানসিকতা আমার নেই। দীর্ঘ ১৫ মাসে বাইরের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে।

খাদিজার বড় বোন সিরাজুম মনিরা বলেন, খুব সকালে আমরা কারাগারে যাই। তারপর সকাল ৯টার সময় কারা কর্তৃপক্ষ খাদিজাকে মুক্তি দেয়। খাদিজার মুক্তির পেছনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা ছিল অনেক।

গত ১৬ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় খাদিজার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করেন আপিল বিভাগ। এই আদেশের ফলে দুই মামলায় খাদিজাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। এর ধারাবাহিকতায় প্রায় এক বছর তিন মাস পর কারাগার থেকে মুক্তি পান তিনি।

অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলা হয় রাজধানীর কলাবাগান থানায়, অন্যটি নিউমার্কেট থানায়। দুটি মামলার বাদীই পুলিশ।

গত বছরের মে মাসে এই দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

এর আগে, গত বছরের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা-পুলিশ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার