উপনির্বাচনে বিরোধীদের জনপ্রিয়তা কমেছে: প্রতিমন্ত্রী ফরহাদ
অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফল বিরোধী দলের জনপ্রিয়তা কমে যাওয়ার প্রমাণ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ে টাঙন ব্যারেজ সেচ প্রকল্পের ‘মৎস্য উৎসব’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের প্রার্থীর ডাকা বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আট মাসের কর্মকাণ্ড মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের ভোটাররা। অন্যদিকে, বিভিন্ন সময়ে লংমার্চ ও রোডমার্চের মতো কর্মসূচি পালন করা বিরোধী দল উপনির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে জনগণের অবস্থান বুঝতে পেরেছে।
তিনি বলেন, উপনির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। অন্যদিকে বিরোধী দলের প্রার্থী তুলনামূলকভাবে অনেক কম ভোট পেয়েছেন। এ ফলাফলকে বিরোধী দলের জনপ্রিয়তায় ভাটার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।
দেশব্যাপী নদী ও খাল খনন কর্মসূচি প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের একপর্যায়ে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে স্থানীয় জেলে ও সাধারণ মানুষের অংশগ্রহণে শুরু হয় মাছ ধরার উৎসব।
এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।











