আয়ারল্যান্ডকে হারিয়ে টেস্ট জয়ের সেঞ্চুরি শ্রীলঙ্কার

news-image

স্পোর্টস ডেস্ক : পঞ্চম দিনে ৫৪ রানে ২ উইকেট নিয়ে খেলতে নেমেছিল আয়ারল্যান্ড। জয়ের জন্য শেষদিনে শ্রীলংকার দরকার ছিল ৮ উইকেট আর হার এড়াতে উইকেটে টিকে থাকার বিকল্প ছিল না আয়ারল্যান্ডের। ইনিংস হার এড়াতে দরকার ছিল ১৫৮ রান। তবে রমেশ মেন্ডিস ও প্রভাত জয়াসুরিয়ার স্পিনে সেটি আর পারলো না আইরিশরা। গুটিয়ে গেল ২০২ রানে। ফলে ইনিংস ও ১০ রানে হার দেখতে হয়েছে তাদের। যেটি টেস্টে শ্রীলঙ্কার ১০০তম জয়।

এই জয়ে ২ ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে নিজেদের করে নিল শ্রীলংকা। প্রথম টেস্টে ইনিংস ও ২৮০ রানে হেরেছিল আইরিশরা।

গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনের শুরুতেই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। যদিও লাঞ্চের আগে আবার মাঠে নামেন তিনি। লাঞ্চ বিরতির আগেই দলের ৫ ব্যাটসম্যানকে হারায় আইরিশরা। দ্বিতীয় সেশনে হারায় আরও পাঁচ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। লংকান স্পিনার রমেশ মেন্ডিস শিকার করেন ৫ উইকেট। আসিথা ফার্নান্দো ৩ ও প্রভাত জয়াসুরিয়ার শিকার ২ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ৪৯২ রানের বড় সংগ্রহ গড়েছিল আয়ারল্যান্ড। জবাবে ৩ উইকেটে ৭০৪ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। প্রথম ইনিংসে লংকানরা লিড নেয় ২১২ রানের।

১৯৮২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে নিজেদের যাত্রা শুরু করে শ্রীলংকা। সেই থেকে এখনও পর্যন্ত ৩১০ টি ম্যাচ খেলে এই দ্বীপরাষ্ট্রটি। যার মধ্যে ১০০ জয় ছাড়াও আছে ৯২টি ড্র। হার দেখতে হয়েছে ১১৯ ম্যাচে। কমপক্ষে ১০০ টেস্ট জেতা অষ্টম দল শ্রীলংকা।

অপরদিকে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের টেস্ট যাত্রা শুরু করে আয়ারল্যান্ড। সেই থেকে খেলা ৬টি ম্যাচের সবগুলোতেই হার দেখলো তারা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার