আইরিশদের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যা যেকোনো ফরম্যাটে ইংলিশদের বিপক্ষে প্রথম। সেই সুখস্মৃতির রেশ কাটতে না কাটতেই আবারও মাঠের লড়াইয়ের সামনে লাল-সবুজের জার্সিধারীরা। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

১৫ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। এই কন্ডিশনে অনভ্যস্ত আইরিশদের বিপক্ষে স্পোর্টিং উইকেটে নিজেদের সামর্থ্য পরখ করে নিতে চাইছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আর নতুন চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে আছে আইরিশরা।

তবে আয়ারল্যান্ডকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভীষণ সতর্ক তিনি, ‘খুবই ভয়ংকর দল। আয়ারল্যান্ডকে আমরা ইংল্যান্ডের মতোই সমীহ করছি। আমরা আয়ারল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। ইংল্যান্ডের বিপক্ষে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম; তাদের বিপক্ষেও আমাদের মানসিকতা একই। আমরা তাদের সম্মান করি। তাই বলে আমরা কোনো দলকে ভয় পাই না। যে কোনো দলের বিপক্ষে এটাই আমাদের মন্ত্র। আমরা যখন নিজেদের সেরা খেলাটা খেলি, তখন যে কোনো দলকেই হারাতে পারি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে যে রান উৎসব হতে পারে– সে ইঙ্গিতও মিলেছে হাথুরুর কথাতেই, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো মনে হচ্ছে। তবে পেসার ও স্পিনারদের জন্যই পর্যাপ্ত সুবিধা থাকবে। আমার মনে হয়, ব্যাট-বলে ভালোই লড়াই হবে।’

যদিও বাংলাদেশ দলের একাদশ নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। হালকা জ্বর থাকায় অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কোনো কারণে তামিম খেলতে না পারলে লিটন নেতৃত্ব দেবেন। গতকাল অনুশীলনে ফুটবল খেলার সময় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ চোখে আঘাত পেয়েছেন। সিটি স্ক্যান রিপোর্ট যদিও ভালো এসেছে, তবে আজ তার মাঠে নামা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এদিকে দুবাই থেকে ফিরে সাকিব আল হাসান গতকাল পুরোদমে অনুশীলন করেছেন। অবশ্য পুরো দল ম্যাচ খেলার মধ্যে ছিল বলে অনুশীলন নিয়ে চিন্তা করছেন না কোচ।

আয়ারল্যান্ডের বিপক্ষে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে চায় বাংলাদেশ। তাই বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে বলে জানা গেছে। তাই বলে সিরিজ জয় থেকে চোখ সরছে না বাংলাদেশ কোচের। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ হতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা তৌহিদ হৃদয়ের। এছাড়াও এ সিরিজে তাইজুল ইসলাম না থাকায় দলে অনেকটাই জায়গা পাকা নাসুম আহমেদের।

আইরিশদের বিপক্ষে পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে। দু’দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৭টি। আয়ারল্যান্ড জিতেছে ২টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত। আরও একটি বিষয় হলো, গত এক যুগ ধরে ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে পারেনি আইরিশরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন/ইয়াসির আলী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন/হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার