অন্য মন্ত্রীদেরও মুরাদের মতো অবস্থা হবে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিত্ব হারিয়ে দেশ ছেড়ে কানাডা ও দুবাইয়ে গিয়ে ঢুকতে না পেরে ফিরে এসেছেন ডা. মুরাদ হাসান। বর্তমান আওয়ামী লীগ সরকারের অন্য মন্ত্রীদেরও একদিন তার মতোই অবস্থা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ, স্থায়ী মুক্তির দাবি এবং জিয়া পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ইথুন বাবু, আমিনুল ইসলাম প্রমুখ।

রিজভী বলেন, ডা. মুরাদ কানাডায় ঢুকতে না পেরে দুবাইয়ে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন। দুবাই বিমানবন্দরে ফ্লোরে শুয়ে আছেন, তার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যিনি এক সময় ক্ষমতার দাপট দেখিয়েছেন, বিরোধীদলের নেতাকর্মীদের গালি দিয়েছেন, ব্যঙ্গ করেছেন; তিনি দুবাইয়ের বিমানবন্দরে জ্যাকেট মুড়ি দিয়ে শুয়ে আছেন। এভাবে শেখ হাসিনার ক্যাবিনেটকেও একদিন রাস্তায় শুয়ে থাকতে হবে।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা আর সরকারের বিরুদ্ধে বলা এক না। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অন্যায়। কিন্তু অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলা অন্যায় নয়। যে সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে, দিনের ভোট রাতে করেছে, তার বিরুদ্ধে কথা বলা, আন্দোলন-সংগ্রাম করা কোনোটাই অন্যায় নয়। অন্যায় হতো যদি সরকার বৈধভাবে আসতো।

এরপর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষকদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নেন রিজভী। পরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়। এতেও নেতৃত্ব দেন তিনি। কাকরাইল মোড় থেকে শান্তিনগরে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে অংশ নেন নারায়নগঞ্জ জেলা বিএনপির নেতা মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ডা. জাহিদুল কবির, যুবদলের মেহবুব মাসুম শান্ত ও ছাত্রদলের মশিউর রহমান রনি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার