রাজনীতির খেলা আছে দুই বিদেশি হত্যায়, বিদেশি হত্যা তদন্তে অগ্রগতি চান কূটনীতিকরা
অভিমত বিশ্লেষকদের
পশ্চিমাদের দৃষ্টি কাড়তে আইএসের নাম যুক্ত করা হচ্ছে। তবে এ ধরনের হত্যাকাণ্ড আর না ঘটলে বিদেশিদের সব শঙ্কা শিগগিরই কেটে যাবে : মে. এক সপ্তাহের ব্যবধানে ইতালির নাগরিক চেজার তাভেল্লা ও জাপানি নাগরিক কুনিও হোশির হত্যাকাণ্ডের বিষয়ে এখনও দৃশ্যমান কোনো কুলকিনারা না হলেও এনিয়ে সারাদেশেই রাজনৈতিক অঙ্গনসহ প্রায় সকল মহলে চলছে নানা জল্পনা-কল্পনা, আলোচনা, বিশ্লেষণ। বিশেষ করে, দুই বিদেশি হত্যার নেপথ্যে আসলে কারা, কেন এমন ঘটল-এনিয়ে চলছে নানামুখী কথাবার্তা। এই দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গিদের, বিশেষ করে আইএসের যোগসূত্র থাকার বিষয়টি সামনে চলে আসায় এবং যুক্তরাজ্য নতুন করে এদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করায় উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই হত্যাকাণ্ডদ্বয়ের সঙ্গে বিএনপি-জামায়াতের হাত রয়েছে। বিএনপি-জামায়াতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে সরকার ও তাদের রাজনৈতিক প্রতিপক্ষ যা-ই বলুক না কেন; নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সামগ্রিক বিষয়টির সঙ্গে দেশি-বিদেশি রাজনৈতিক ‘খেলাধুলা’ রয়েছে।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এম এ রশীদ গতকাল রবিবার আলাপকালে বলেন, ‘আমার ধারণা, এসব ঘটনার নেপথ্যে রাজনৈতিক খেলাধুলা আছে। বিদেশি নাগরিকদের চলাফেরার ওপর সতর্কতা জারি করা হলেও বিভিন্ন দেশের প্রতিনিধি দলের এদেশে আসা বন্ধ হয়নি। যদিও এই ধরনের সতর্কতা জঙ্গি-সন্ত্রাসী হামলার শঙ্কাকে চাঙ্গা করেছে। বিদেশিরা হঠাত্ এই ধরনের শঙ্কায় কেন ভুগছেন, সেটি খতিয়ে দেখা জরুরি।’ তার মতে, দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে সিরিয়া-ইরাক ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন আইএস-এর নাম যুক্ত করে পশ্চিমাদের উদ্বিগ্ন করার ষড়যন্ত্র থাকতে পারে। যখনই আইএস-এর নাম সামনে এসেছে, তখন স্বাভাবিক কারণেই এই দেশে বসবাসরত পশ্চিমারা শঙ্কিত এই ভেবে যে, তাদের ওপর আক্রমণ হতে পারে। জেনারেল রশীদ আরও বলেন, যখনই এখানে অভ্যন্তরীণ রাজননৈতিক খেলা নড়াচড়া করে তখনই এই ধরনের হামলার ঘটনা ঘটে। অতীতেও আমরা সেটি দেখেছি। কারণ যে দু’জন বিদেশি নাগরিক খুন হয়েছেন, তারা কেউই আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে যুক্ত নন। কাজেই এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য যে আন্তর্জাতিক জঙ্গিবাদ নয়, তা অনেকটা পরিষ্কার। বরং এই হত্যকাণ্ডের মধ্য দিয়ে পশ্চিমারা শঙ্কা প্রকাশের সুযোগ নিয়েছে। তবে আমি মনে করি, আর যদি এই ধরনের হত্যাকাণ্ড না ঘটে তাহলে সহসাই এই শঙ্কা কেটে যাবে। পাশাপাশি এই ধরনের আক্রমণের পর রাষ্ট্র যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, সেগুলো সক্রিয় থাকলে একদিকে দেশি-বিদেশিদের নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি কোনো রাজনৈতিক খেলাধুলা থাকলে সেটিও রুখে দেয়া সম্ভব হবে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া বিদেশে বসে এখানে বিদেশিদের হত্যা করাচ্ছেন। এটি তার সরকারবিরোধী আন্দোলনের নতুন কৌশল।’ তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের এই ধরনের বক্তব্য প্রকৃত খুনিদের আড়াল করবে। পারস্পরিক দোষারোপ বাদ দিয়ে উদ্ভূত সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি। সরকার, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের একাধিক শরিক দলের শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বিদেশি হত্যাকাণ্ড, বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসীদের বড় ধরনের আক্রমণের শঙ্কা এবং বিদেশিদের উদ্বেগ-উত্কণ্ঠার বিষয়টি সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। বিদেশি কূটনীতিকদের নিয়ে সরকারের বৈঠক করা এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী পদক্ষেপ নেয়ার পরেও তাদের আস্থা সংকট কাটাতে না পারার বিষয়টি সরকারকে ভাবনায় ফেলেছে। যার কারণে দুই বিদেশির খুনিদের সনাক্ত করার পাশাপাশি সামগ্রিক বিষয়টির নেপথ্যে কি, সেটিও বের করার ওপর জোর দেয়া হয়েছে। আওয়ামী লীগ ও ১৪ দলের কারও কারও সন্দেহ, এই ঘটনার সঙ্গে দেশজ শক্তির পাশাপাশি বিদেশি কোনো অপশক্তিরও মদদ রয়েছে।
আওয়ামী লীগের উদদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর মতে, দেশের কতিপয় রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা চায়নি, দুই বিদেশি হত্যার সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। একইসঙ্গে ’৭১-এ যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, সেই বিদেশি শক্তিরও এর নেপথ্যে আঁতাত থাকতে পারে। তিনি জানান, রহস্য উদঘাটনে সরকার সম্ভাব্য সব পদক্ষেপই নিচ্ছে। ১৪ দল শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘ভ্রমণ সতর্কতার নামে বাংলাদেশের ওপর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রর চাপ সৃষ্টির প্রয়াস নিয়েছে। কারণ সরকার যখন বাংলাদেশে জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স দেখাচ্ছে, তখন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহলে বিরূপ মনোভাব সৃষ্টির উদ্দেশ্যেই এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আমি মনে করি।
স্থানীয় শক্তির পাশাপাশি বিদেশি মদদ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহও। তিনি গতকাল ইত্তেফাককে বলেন ‘অতীতে সারাদেশে একযোগে বোমা হামলা ও একুশে আগস্টের গ্রেনেড হামলাসহ যখনই এই ধরনের জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে, তখনই এর সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা বেরিয়ে এসেছে। আমরা জঙ্গি বা আইএস-এর ঠিকানা জানি না, তবে যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন তাদের ঠিকানা হিসেবে আমরা বিএনপি-জামায়াত-শিবিরকেই পেয়েছি। তাছাড়া এবারের বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিদেশি কোনো শক্তির হাত অবশ্যই রয়েছে।’
তবে দুই বিদেশি হত্যাকাণ্ড, আইএস-জঙ্গি বিতর্ক ও বিদেশিদের শঙ্কার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান গতকাল ইত্তেফাককে সংক্ষেপে বলেন ‘যেই ঘটনা ঘটেছে, সেটিকে হাল্কাভাবে দেখার অবকাশ নেই। কারণ বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। বিদেশিদের শঙ্কা প্রকাশও অত্যন্ত সঙ্গত। বিষয়গুলোকে রাজনীতিকরণ না করে সরকারের উচিত হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশে-বিদেশে আস্থার পরিবেশ ফিরিয়ে আনা। অন্যথায় পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।’
বিদেশি হত্যা তদন্তে অগ্রগতি চান কূটনীতিকরা
জাপানি নাগরিক কুনিয়ো হোশি ও ইতালির চেজার তাভেল্লা হত্যার তদন্তে অগ্রগতি দেখতে চান বিদেশি কূটনীতিকরা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা নিজেরা দফায় দফায় বসছেন ও আলোচনা করছেন দুই বিদেশি হত্যার পরবর্তী পরিস্থিতি নিয়ে। প্রায় সোয়া দুই লাখ বিদেশি নাগরিকের নিরাপদ ও স্বাভাবিক অবস্থান, জীবন-যাপন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছেন তারা। গত রবিবার সকালে ইউরোপীয় দেশভুক্ত প্রায় দশ জন রাষ্ট্রদূত দু’ঘন্টা বৈঠক করেন। ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কূটনীতিকরা দুই বিদেশি হত্যার তদন্ত অগ্রগতি নিয়ে কথা বলেন। দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় কিংবা প্রকৃত অপরাধীরা এখনো আটক না হওয়ায় কূটনীতিকরা প্রশ্ন তোলেন। কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে তদন্ত হচ্ছে, প্রকৃত সত্য বেরিয়ে আসবে, সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে– এমন মন্তব্যও করেন কেউ কেউ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক জানান, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বর্তমানে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বলা যায়। তবে দুটি হত্যার তদন্ত অগ্রগতি হওয়া বাঞ্ছনীয়। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার ও কূটনৈতিক কোরের ডিন, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডসহ কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এদিকে শনিবার দুপুরে ইইউ রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আরেকটি বৈঠক করেন বলে সূত্র জানায়।











