সারাদেশে জামায়াতের বিক্ষোভ সোমবার
ডেস্ক রিপোট: জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সোমবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ রাতে এই কর্মসূচি ঘোষণা করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, সরকার জামায়াতকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। ভিত্তিহীন মিথ্যা ও বায়বীয় অভিযোগে জামায়াতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হত্যার চক্রান্ত করছে। মুজাহিদকে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি বলেন,সরকার সারাদেশে জামায়াতের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জুলুম করছে। একদিকে জামায়াতের নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে, অন্যদিকে নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলে ঢুকাচ্ছে। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য তিনি দলের সকল শাখার প্রতি আহ্বান জানান।











