ইরান-বাংলাদেশ নতুন বাণিজ্য সম্ভাবনা
১৯৯৫ সালে ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি বাংলাদেশ সফরে এসেছিলেন। দুই দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও ইরানি প্রেসিডেন্টের ওই সফর উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিশীল একটি সম্ভাবনা তৈরি করে। এরপর সরকারি ও বেসরকারি উদ্যোগে দুই দেশের বাণিজ্য বাড়লেও মাঝখানে বড় বাধা তৈরি করে ইরানের পরমাণু ইস্যু নিয়ে দেশটির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের অবরোধ।
পরিসংখ্যানে দেখা যায়, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ-ইরান বাণিজ্য বেড়েছে ৩৬ শতাংশ। এ সময়ে ইরানে বাংলাদেশের রপ্তানি ৩৮.০৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৭৫.৪১ মিলিয়ন ডলার। অর্থাৎ গত আট বছরে বাংলাদেশের রপ্তানি ৯৮ শতাংশ বেড়েছে। ২০১৩ সালে ইরান-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশন সম্মত হয় দুই দেশের বাণিজ্য তিন বছরে দুই থেকে তিনগুণ বাড়ানোর। কিন্তু পরমাণু ইস্যুকে ঘিরে ইরানের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থনৈতিক অবরোধে দুই দেশের বাণিজ্যিক যাত্রা প্রত্যাশিতগতিতে এগোয়নি।
তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পরামাণু চুক্তির পর ইরান আবারও বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে সক্রিয় হয়ে উঠছে। ফলে পুরনো বন্ধু হিসেবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী তারা। ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ায় পাকিস্তান, ভারতসহ অনেক দেশই উপকৃত হবে বলে সংবাদ মাধ্যমে উঠে আসছে। এ ক্ষেত্রে বাংলাদেশের কথা খুব বেশি উঠে না এলেও বিশ্লেষকরা বলছেন, ইরান আন্তর্জাতিক বাণিজ্যে ফিরে আসায় দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আরো জোরালো হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সম্প্রতি ইরানের ব্যবসায়ী নেতারা ও কৃষিসংশ্লিষ্টরা আহ্বান জানিয়েছেন ইরান-বাংলাদেশ বাণিজ্য কমিটি প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্যরাও তেহরান সফরে যাচ্ছেন বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনার জন্য। বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করছেন, অবরোধ তুলে নেওয়ার পর ইরানের অর্থনৈতিক সম্ভাবনার সুযোগ বাংলাদেশ নিতে পারে। অন্যদিকে ইরানও বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার হতে চায়। এ রকম ইঙ্গিত দেশটির রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা ইতিমধ্যে দিয়েছেন। পরমাণু চুক্তিতে ইরানের প্রধান আলোচক ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেন। তাঁদের আলোচনায় ব্যবসায়িক বিভিন্ন ইস্যুর পাশাপাশি বাংলাদেশের পাটের বাণিজ্যের বিষয়টিও উঠে আসে। সফরে জারিফ দাবি করেন, ইরান হচ্ছে জ্বালানির একটি নির্ভরযোগ্য উৎস। বাংলাদেশ সেই সুযোগ পুরোপুরি নিতে পারে। এক সংবাদ সম্মেলনে জারিফ বলেন, ইরানের ওপর থেকে অযৌক্তিক অবরোধ তুলে নেওয়া হয়েছে। দুই দেশ এখন সহযোগিতামূলক সম্পর্ক আরো বাড়াতে পারে। তিনি বাংলাদেশের অর্থমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।
ইতিমধ্যে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত ইঙ্গিত দিয়েছেন ঢাকা থেকে পোশাক ও কৃষিপণ্য আমদানি করতে চায় ইরান। বিশাল জনসংখ্যার দেশ বাংলাদেশও চায় ইরানে জনশক্তি রপ্তানি করতে। যা দুই দেশের বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে। এভাবে দুই দেশই বাণিজ্য কয়েকগুণ বাড়িয়ে নিতে আগ্রহী। এমনকি পরমাণু চুক্তির পর ইরান তাদের গ্যাস পাইপলাইন এখন পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশ পর্যন্তও নিয়ে আসতে চায়। পাইপলাইন নিয়ে বাংলাদেশের সঙ্গে সুনির্দিষ্ট আলোচনা করতেও আগ্রহী দেশটি। ইতিমধ্যে ইরান ইঙ্গিত দিয়েছে, তারা বাংলাদেশকে অশোধিত তেল আমদানিতে বিশেষ সুবিধা দেবে। বাংলাদেশের একমাত্র তেল পরিশোধনকেন্দ্র ইস্টার্ন রিফাইনারির সংস্কার ও সক্ষমতা বাড়াতেও সহযোগিতা দেবে ইরান। যেটি মূলত ইরানের সহযোগিতায়ই নির্মাণ করা হয়েছিল। এর পাশাপাশি সিলেটে আবিষ্কৃত বাংলাদেশের তেলক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সহযোগিতা দিতে চায় ইরান। মূলত তেল রপ্তানি, পরিশোধনকেন্দ্রে সহায়তা ও তেল ক্ষেত্র অনুসন্ধানে সহায়তার মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার হতে চায় ইরান। অন্যদিকে অর্থনৈতিক সম্ভাবনায় এগিয়ে যাওয়া বাংলাদেশেও উত্তরোত্তর জ্বালানি চাহিদা বাড়ছে।
জ্বালানি চাহিদা পূরণে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়েও কাজ করছে। এ জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর উন্নয়নে তেহরানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ এক হাজার ২০০ মেগাওয়াটের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মস্কোর টেকনিক্যাল সহায়তা নিচ্ছে। বাংলাদেশে আরো পরমাণু বিদ্যুৎক্ষেত্র স্থাপনে সহায়তা দিতে পারে ইরান। ফলে ইরান-বাংলাদেশের সহায়তার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠতে পারে জ্বালানি। যা দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। ন্যাশনাল ইন্টারেস্ট অনলাইন।











