বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে থানার ভেতরে আওয়ামীলীগের এক নেতা মারলেন আরেক নেতাকে

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে থানার ভেতরে  আওয়ামীলীগের এক নেতার হামলার শিকার হলেন আরেক নেতা। চেয়ার দিয়ে আঘাত করেন একজন আরেকজনকে। উত্তেজনাকর এ পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশ ব্যতিব্যস্ত হয়ে উঠে । পুলিশ ও আওয়ামীলীগ নেতা সুত্রে জানা যায়,  নবীনগর বাজারের একটি দোকান ভিটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আমিনের মধ্যে। তারা দু-জন সম্পর্কে আপন চাচাতো ভাই। স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল দোকান ভিটির মালিকানার বিষয়টি নিরসন করার জন্যে নবীনগর থানার ওসিকে দায়িত্ব দেন। এই দু-পক্ষকে নিয়ে আজ শনিবার দুপুরে থানা অভ্যন্তরে বসেন থানার দ্বিতীয় কর্মকর্তা মেজবাহ। একপর্যায়ে খায়রুল ভুয়া দলিল করে রহমান তার দোকান কোঠার জায়গাটি দখলের চেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করলে ক্ষিপ্ত হয়ে উঠেন রহমান। চেয়ার তুলে আঘাত করতে যান খায়রুলকে। কিলঘুষি মারেন। এসময় খায়রুলের পক্ষের লোকজনের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু-পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে ব্যতি ব্যস্ত হয়ে উঠে থানার পুলিশ কর্মকর্তারা। তারা এমপি’র ঘনিষ্ট লোক হিসেবে পরিচিত আবদুর রহমানকে শান্ত হওয়ার জন্যে তোয়াজ করতে থাকে। পৌর আওয়ামীলীগ নেতা খায়রুল আমিন অভিযোগ করেন- ফয়জুর রহমান বাদল এমপি হওয়ার পরই রহমান তাদের দোকান ঘরের জায়গাটি দখলের চেষ্টা শুরু করে। ক’দিন আগে নতুন ওসি যোগ দেয়ার পর রাতের অন্ধকারে রহমান ১০ ইঞ্চি মোটা দেয়াল উঠিয়ে দেড় শতক আয়তনের ঐ জায়গাটি দখল করার চেষ্টা চালায়। এ ব্যাপারে আবদুর রহমানের বক্তব্য জানার জন্যে তার মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি। নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন- থানার ভেতরে কোন মারামারি হয়নি। হাতাহাতি-কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। দু-পক্ষের মধ্যে বৈঠকে এ ঘটনা ঘটেছে। আমি ঐ সময় থানায় ছিলামনা।