এখনও খোঁজ মেলেনি বান্দরবানে অপহৃত পর্যটকদের
বান্দরবানের সীমান্ত এলাকা থেকে অপহৃত স্থানীয় গাইড ও দুই পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। অপহৃত পর্যটক জাকির হোসেন মুন্না ও আবদুল্লা জোবায়ের ওরফে জবিউল ঢাকার বাসিন্দা। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো অভিযান চালাচ্ছে। রাঙ্গামাটির বিলাইছড়ি থানার ওসি মঞ্জুরুল আলম আজ মঙ্গলবার সকালে জানান, এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে।
একই কথা জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান। সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি শুরু হয়েছে। দু-একদিনের মধ্যে প্রকৃত ঘটনা জানা যাবে। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অভিযান চালাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন ও দুর্গম এলাকা হওয়ায় অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
বান্দরবানের বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিদ্ধুপাড়া এলাকা থেকে রবিবার বান্দরবানের রুমার স্থানীয় ট্যুরিস্ট গাইড মানসাই ম্রো (২৮) এবং ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক জোবায়ের (৩০) ও মুন্নাকে (৩২) অপহরণ করা হয়। সোমবার ঘটনাটি জানাজানি হয়।











