বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেরিয়ে আসছে লিটনের অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের ফিরিস্তি

news-image

গুলি করে শিশুকে আহত করার ঘটনায় বহুল আলোচিত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে এলাকার মানুষ। বেরিয়ে আসছে তার অনেক অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের ফিরিস্তি।

জানা গেছে, দীর্ঘদিন পর সুন্দরগঞ্জ থেকে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা জেগে ওঠে; কিন্তু এমপির একের পর এক বিতর্কিত নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা জেগে ওঠে; কিন্তু এমপির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে তারা হতাশ হয়ে পড়ছেন। তার অনুগত কিছু লোক ছাড়া দলের অধিকাংশ নেতাকর্মী তার বিরুদ্ধে সোচ্চার। এমনকি সাধারণ মানুষও তার কর্মকাণ্ডে সন্তুষ্ট নয়। দলের একাধিক নেতা বলেন, তিনি নেশায় আসক্ত থাকেন। গত বছর থেকে তা প্রকাশ্য রূপ নেয়। তিনি মদ্যপান করে সারারাত উপজেলার বিভিন্ন স্থানে মাতলামি করার পাশাপাশি কথায় কথায় গুলি ছুড়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেন। যাত্রা, জুয়ার মঞ্চে নর্তকীর সঙ্গে নাচ ও নর্তকীকে উঠিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া তিনি কথায় কথায় অস্ত্র বের করায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সংগঠনের নেতাকর্মীরা আতঙ্কে থাকেন। তিনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবু সাইদ ও রামভদ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনকে মারধর করেছেন। এ ছাড়া পল্লী বিদ্যুতের এজিএম আবদুল হালিম ও সোনালী ব্যাংকের ম্যানেজার আবদুল কাদের তার কথামতো কাজ করেনি বলে ক্যাডার বাহিনী দিয়ে তাদের লাঞ্ছিত করেন।

এ ছাড়া তার স্ত্রী ও বিশেষ সহকারী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খুরশিদ জাহান হক স্মৃতির বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে টিআর, কাবিখা, নিয়োগ, টেন্ডার এবং ভিজিএফ-ভিজিডি কার্ড বিতরণে স্মৃতির একচ্ছত্র আধিপত্য নিয়ে কথা ওঠে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, একজন সংসদ সদস্য জনগণের প্রতিনিধি; কিন্তু তিনি এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করায় সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বর্তমান সরকার যখন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের চেষ্টা করছে তখন সংসদ সদস্য লিটন বিভিন্ন অপকর্ম চালিয়ে সরকারের সুনাম নষ্ট করছেন। তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের উপেক্ষা করে নিজের স্ত্রীকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে তারা দু'জনে মিলে যা ইচ্ছে তাই করছেন। তিনি অভিযোগ করেন, এমপি সম্প্রতি ৬২ টন জিআর চাল কোনো প্রকল্প ছাড়াই লোপাট করেছেন। পাশাপাশি সরকারের উল্লেখযোগ্য প্রকল্প সোলার প্যানেল বিতরণ কার্যক্রমেও তিনি নয়ছয় করেছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল বলেন, বর্তমান সংসদ সদস্য ও তার একান্ত সহকারী স্মৃতি মিলে নিজের লোকের মাধ্যমে বিশেষ কৌশলে উপজেলার ৫০টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ৫০টি মন্দিরের নামযজ্ঞ অনুষ্ঠানের নামে ভুয়া প্রকল্প করে ১০০ টন জিআর বরাদ্দের চাল আত্মসাৎ করেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন তদন্ত করে সত্যতা পেলে আত্মসাৎকৃত চাল ফেরত দেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, বামনডাঙ্গা ইউনিয়নের ২৮ একর সরকারি জমি দখল করে মৎস্য খামার গড়ে তুলেছেন তিনি। গত তিন বছর ধরে তিনি সেখানে মৎস্য চাষ করছেন।

সুন্দরগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী নিয়োগ থেকে শুরু করে সব ধরনের নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তার আচরণে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অতিষ্ঠ। তিনি ও তার স্ত্রী ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লাখ লাখ টাকা বাগিয়ে নিয়েছেন। সর্বশেষ তার অবৈধ হস্তক্ষেপের কারণে এবং তার মনোনীত লোকজনকে চাকরি দিতে না পারায় কৌশলে সুন্দরগঞ্জ পৌরসভার কর্মচারী নিয়োগ কার্যক্রম স্থগিত করানোর ব্যবস্থা করেছেন তিনি। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গোলাম কবির মুকুল বলেন, তার বিভিন্ন অন্যায় অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে দলীয় নেতাকর্মী এমনকি মুক্তিযোদ্ধারাও তার প্রতিহিংসা থেকে রক্ষা পাননি। অনেক মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছেন। তাদের বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। পাশাপাশি উপজেলায় মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের লালন-পালন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এতে আওয়ামী লীগ নেতাকর্মীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ও রেল স্টেশনে জামায়াত-শিবিরের ক্যাডারা হামলা চালিয়ে ৪ পুলিশকে হত্যা করে। ওই ঘটনায় মামলার পর অর্থের বিনিময়ে আসামিদের আওয়ামী লীগ কর্র্মী বানিয়ে সংসদ সদস্যের প্যাডে তাদের জন্য প্রশাসনের কাছে সুপারিশ করার অভিযোগও রয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমদাদুল হক বাবলু বলেন, এমপি লিটন মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদ সদস্যের কাছে গেলে তিনি তাদের সমস্যার সমাধানের চেষ্টা তো করেনই না বরং তাদের নানাভাবে হয়রানি করেন। তবে এসব অভিযোগের বিষয় নিয়ে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া য়ায়।