শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি লিটনের অস্ত্রের লাইসেন্স বাতিল

news-image

গতকাল এমপি লিটনের দুটি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। গাইবান্ধার ডিসি মো. আব্দুস সামাদ জানান, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের কারণে লাইসেন্স বাতিল করা হয়েছে। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে জেলার সর্বস্তরের মানুষ। গতকাল রবিবার এমপি লিটনকে গ্রেফতার, অগ্রগতি ও শাস্তির দাবিতে গাইবান্ধা শহর ও সুন্দরগঞ্জে পৃথকভাবে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
 
এদিকে সরেজমিনে ওই এলাকা পরিদর্শনকালে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এমপি লিটনের বিরুদ্ধে কোথাও কোনো মিছিল-মিটিং না করার জন্য প্রশাসনের লোকজন কর্তৃক নিষেধ করা হচ্ছে এবং তার ক্যাডাররাও গোপনে ভয়ভীতি প্রদর্শন করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন। তারপরও গাইবান্ধা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন করে বাংলাদেশ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের গাইবান্ধা জেলা সংসদ। অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ ও উপজেলা নাগরিক সংগ্রাম পরিষদ।
 
স্কুল ছাত্র সৌরভকে গুলি করার দায়ে এমপি লিটনকে গ্রেফতার, বিচার ও তার সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত গাইবান্ধায় এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়নের সভাপতি প্রতিভা সরকার ববি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক রানু সরকার, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ, সঞ্জয় মোহন্ত প্রমুখ। এছাড়া এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ।
 
বক্তারা ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এখন এমপি লিটন গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলন্বে তাকে গ্রেফতারের দাবি করেন। 
অপরদিকে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, উপজেলা নাগরিক সংগ্রাম পরিষদের সভাপতি বীরেন সরকার মিন্টু, সাধারণ সম্পাদক এটিএম মাসুদুল আলম চঞ্চল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদ প্রমুখ।
 
সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. এমদাদুল হক বাবলু বলেন, তার বে-আইনী কারবারের প্রতিবাদ করায় লিটন ইতিপূর্বে বিনা কারণে তার বাড়ি ভাঙচুর করেছিলেন। সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বলেন, লিটনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা যথারীতি নিয়ম-কানুন মেনেই শনিবার রাতে গ্রহণ করা হয়েছে। তবে সংসদ সদস্য হওয়ায় এখন প্রয়োজনীয় নিয়ম রীতিনীতি মেনেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বর্তমানে সংসদ সদস্য ও তার স্ত্রী সুন্দরগঞ্জে নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত লিটনের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার দিন বিকাল থেকে তিনি উধাও হয়েছেন বলে স্থানীয়রা জানান।
 
তিনি আরো জানান, এমপি লিটনের বিরুদ্ধে কোনো মিছিল-মিটিং করার প্রয়োজন নেই। পুলিশ আইনগতভাবে অগ্রসর হচ্ছে। তবে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয় নি। এছাড়া এমপি সাহেবের লোকজন গোপনে ভয়ভীতি প্রদর্শন করছে এমন কোনো অভিযোগ তিনি পাননি।