বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী গণসংবর্ধনা আজ

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে আজ শনিবার লন্ডন হয়ে দেশে ফিরছেন। বৃহস্পতিবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে রওনা হন। স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল ক্ল্যারিজে যান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়। লন্ডনে একদিনের যাত্রাবিরতি শেষে গতকাল শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট ‘আকাশ প্রদীপ’-এ লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর স্বদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি সিলেট হয়ে আজ বেলা দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে প্রধানমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।n
 
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন। ভাষণে তিনি সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদকে মানব সভ্যতার অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে আখ্যায়িত করে এ দুটি চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) নির্বাহী পরিচালক আচিম স্টেইনারের কাছ থেকে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। শেখ হাসিনা ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হুলিন ঝাওয়ের কাছ থেকে ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার গ্রহণ করেন। একই দিনে তিনি যোগ দেন জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত সংবর্ধনা ও ভোজসভায়। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা শীর্ষক উচ্চপর্যায়ের এক গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নেন। ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যোগ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ‘গ্লোবাল লিডারস মিটিং অন জেন্ডার ইক্যুয়েলিটি অ্যান্ড ওমেনস এমপাওয়ারমেন্ট : এ কমিটমেন্ট টু অ্যাকশন’ শীর্ষক সেমিনারে। প্রধানমন্ত্রী ২৮ সেপ্টেম্বর অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। ২৭ সেপ্টেম্বর শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের হিলটন মিডটাউন হোটেলে প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনা দেন। শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর বিশ্ব শান্তিরক্ষা সম্পর্কিত এক উচ্চপর্যায়ের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া প্রধানমন্ত্রী নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন। ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত আইএসআইএল ও সহিংস জঙ্গিবাদ শীর্ষক সম্মেলনে যোগ দেন। 
 
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি শেখ হাসিনা ২৫ সেপ্টেম্বর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নেতৃবৃন্দের ফোরামে ‘গার্লস লিড দ্য ওয়ে’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমাসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন।
 
সংবর্ধনায় শরিক হওয়ার আহ্বান জানালেন মোহাম্মদ নাসিম
 
এদিকে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশ দাঁড়িয়ে সর্বস্তরের জনগণ গণসংবর্ধনা জানাবে। আওয়ামী লীগ এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। সংবর্ধনায় লাখো জনতার ঢল নামানোর প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল ইত্তেফাককে জানান, প্রধানমন্ত্রীর এই অনন্য অর্জনকে স্মরণীয় করে রাখতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এ অর্জন গোটা  জাতির অর্জন। এটা কোনো দলের একক অর্জন নয়। তাই সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবে।
 
বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দীর্ঘ এ পথে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষ সুশৃঙ্খলভাবে ফুলের পাপড়ি ছিটিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন। বিশাল এ গণসংবর্ধনার আয়োজক আওয়ামী লীগ হলেও দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাতে শরিক হবেন। গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ধরিত্রী কন্যা ও শান্তির প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনছেন। বড় দুটি পুরস্কার অর্জন করে তিনি গোটা জাতিকে গৌরবান্বিত করেছেন। বিশ্ববাসী তাকে অভিনন্দন জানিয়েছে। আজ জাতির পক্ষ থেকে দেশের সর্বস্তরের মানুষ শেখ হাসিনাকে গণসংবর্ধনা জানাবে। সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে গণসংবর্ধনায় শরিক হওয়ার আহ্বান জানান তিনি। 
 
গণসংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খোলা জিপে করে ঘুরে পুরো সংবর্ধনা অনুষ্ঠান তদারক করবেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিশাল এ গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে আওয়ামী লীগ দফায় দফায় বৈঠক করেছে। এসব বৈঠকে সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী জেলার নেতাকর্মী ছাড়াও ১৪ দলের শরিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সমন্বয় পরিষদ, প্রকৌশলী, চিকিত্সক, কৃষিবিদ, ডিপ্লোমা প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব, সংস্কৃতি কর্মী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, নারী সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
গতকালের যৌথসভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গণসংবর্ধনা অনুষ্ঠানের সমন্বয়ক মাহবুব-উল-আলম হানিফ বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে আমরা জনতার ঢল নামিয়ে বিএনপি-জামায়াত ও তাদের আন্তর্জাতিক প্রভুদের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে চাই।
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম, ক্রীড়া সংগঠক হারুন অর রশিদ, নারী নেত্রী রোকেয়া কবিরসহ পেশাজীবী নেতারা। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, দপ্তর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।