নবীনগর নিহত বাতেনের বাড়িতে শোকের মাতম
সৌদি আরবে মর্টার হামলায় নিহত বাতেনের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের গুলপুকুরিয়া গ্রামে চলছে শোকের মাতম। নিহতের মা ঝর্ণা বেগম ছেলে হারানোর শোকে পাগলপ্রায়। তার আর্তনাদে আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠেছে।
ছেলের লাশ আনার ব্যাপারে কোথায়, কিভাবে, খোঁজ খবর নেবেন তাও জানেন না বাতেনের স্বজনরা। এজন্য দ্রুত লাশ দেশে আনার ব্যাপারে সরকারের সাহায্য কামনা করেছেন তারা।
নিহতের পরিবার জানায়, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের গুলপুকুরিয়া গ্রামের মোহন মিয়ার ছেলে বাতেন। তারা তিন ভাই ও দুই বোন। দেনা আর সুদের তিন লাখ টাকা দিয়ে ২০০৭ সালে সৌদি আরব যান বাতেন। তিন শতাংশ ফসলী জমি আর দেড় শতাংশ ভিটে বাড়ি ছাড়া সম্পদ বলতে আর কিছুই নেই। বাতেনের পাঠানো টাকা দিয়েই চলতো তাদের সংসার। শুক্রবার বিকেল ৪টার দিকে সৌদি আরব থেকে বাতেনের চাচাতো ভাই জিয়াউর রহমান মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছে দেন।
বাতেনের বাবা মোহন মিয়া ও মা ঝর্ণা বেগম জানান, সরকারের পক্ষ থেকে তারা এখন পর্যন্ত কোনো সংবাদ পাননি। কিভাবে, কোথায় তার ছেলের লাশ আনার ব্যাপারে খোঁজ খবর করবেন তাও তারা জানেন না। তারা দ্রুত ছেলের লাশ দেশে আনার ব্যাপারে সরকারের সাহায্য কামানা করেছেন।
রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম রফিকুল্লাহ জানান, টেলিভিশনের খবরে প্রথম তারা বাতেনের মৃত্যু সংবাদ পান। বাতেনের পরিবার খুবই দরিদ্র। তার আয়ের ওপরই সংসার চলতো। তিনি বাতেনের মৃতদেহ দ্রুত বাংলাদেশে আনার দাবি জানিয়েছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বাংলামেইলকে জানান, এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। লাশ বাংলাদেশে আনার ব্যাপারে সরকার সহযোগিতা করবে।
উল্লেখ্য, শুক্রবার সৌদি আরবে মর্টার হামলায় একটি হাসপাতালে পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত অবস্থায় মারা যান বাতেন।











