অস্ত্রের মুখে ব্যবসায়ীদের হাত-পা বেঁধে ১৯টি গরুসহ ট্রাক ছিনতাই, রাজধানীতে শনিবার জমবে গরুর হাট
গাজীপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের হাত-পা বেঁধে ১৯টি গরুসহ ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গরু ব্যবসায়িরা জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার ভোরে মীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী ব্যবসায়িরা জানান, বুধবার রাত ৮টার দিকে রাজশাহী থেকে ১৯টি গরু কিনে ট্রাকে করে বিক্রির জন্য নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন তারা। গরুবাহী ট্রাকটি ভোরে মীরের বাজার এলাকায় পৌঁছলে একটি পিকআপ এসে ট্রাকটির গতিরোধ করে। এসময় পিকআপ থেকে ১০-১২জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে ব্যবসায়িদের জিম্মি করে ট্রাকচালক, হেলপারসহ তিন ব্যবসায়িকে হাত পা বেঁধে ওই পিকআপে ওঠায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা গরু ব্যবসায়িদের নগদ ৩০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন ও ১৯টি গরুসহ ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়।
পরে ব্যবসায়িদের হাত-পা বাঁধা অবস্থায় সদর উপজেলার মাস্টার বাড়ি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, ভোর পাঁচটার দিকে ত্রিপল দিয়ে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীসহ ৬জনকে মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে নিজেরাই বাধন খুলে ফাঁড়িতে আসলে তাদের থানায় পাঠিয়ে দেয়া হয়।
রাজধানীতে শনিবার জমবে গরুর হাট
ব্যবসায়ীরা প্রস্তুত। প্রস্তুত ঠিকাদাররাও। সব ধরণের প্রস্তুতি নিয়েছে রাজধানীর পশুর হাটগুলোর পরিচালনা কমিটিও। হাটগুলোতে গরু বাঁধতে বসানো হয়েছে বাঁশের খুঁটি। ডেকোরেশন করা হয়েছে হাটগুলোর গেট। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে চলছে নজরদারি। বসানো হচ্ছে ওয়াচ টাওয়ার।
সরেজমিন ঘুরে দেখা যায়, দুই-একটি হাটে গরু আসলেও রাজধানীর বেশির ভাগ কোরবানির হাট ফাঁকা। কারণ, শনিবারের আগে অস্থায়ী হাটগুলোতে যাতে গরু আসতে না পারে সেজন্যে রয়েছে পুলিশের নিষধাজ্ঞা। তাই শনিবারের পর থেকেই হাট জমতে শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, কোরবানীর পশুর কারণে যাতে রাজধানীর মানুষের দুর্ভোগ না নয় সে বিষয়টি চিন্তা করেই পশুবাহি ট্রাক ঢাকা প্রবেশে সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। তিনি বলেন, মানুষ (ঈদ উপলক্ষে) ঢাকা ছাড়তে শুরু করেছে। রাজধানীও ফাঁকা হচ্ছে। দুই-এক দিনের মধ্যে আরও ফাঁকা হবে। ওই সময় পশুবাহি ট্রাক ঢাকায় প্রবেশ করলেও মানুষের দুর্ভোগ তুলনামূলক কম হবে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এবার যত্রতত্র কোরবানির পশু জবাই করতে দেয়া হবে না। পশু জবাইয়ের পরপরই যাতে বর্জ্য অপসারণ করা হয় সে বিষয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন তৎপর রয়েছে। তিনি বলেন, পশুর হাটগুলোকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে।
এবার রাজধানীর একটি স্থায়ী পশুরু হাট ছাড়াও ১৬টি অস্থায়ী হাটে গরু বিক্রি হবে। গাবতলিতে অবস্থিত স্থায়ী পশুর হাটে এরই মধ্যে গরু এসেছে।
গাবতলি পশু ব্যবসায়ী সমিতির নেতা মজিবুর রহমান বলেন, হাটে আসা গুরু এবং মানুষের সুবিধার্থে মূল হাটের তিন পাশে সামিয়ানি টানিয়ে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জানান, জাল টাকা শনাক্ত করতে এখানে মেশিন বসানো হয়েছে। ব্যবসায়িদের জন্যে রাখা হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। তিনি বলেন, গরু ছাড়াও গাবতলিতে মহিষ, ছাগল, ভেড়ার আমদানিও হচ্ছে ব্যাপক। এ তালিকায় বাদ থাকছে না উট ও দুম্বা।
গাবতলি ছাড়াও এবার দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি ও উত্তর সিটি করপোরেশনে ৬টি পশুরু হাট বসছে। হাটগুলোর মধ্যে আছে- রামপুরার আফতাবনগর হাট, ঝিগাতলা-হাজারীবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, খিলগাঁও মেরাদিয়া বাজার, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, উত্তর শাহজাহানপুর রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ধুপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, কমলাপুরের গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, লালবাগের মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ ও সংলগ্ন এলাকা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে বুড়িগঙ্গা বাঁধ সংলগ্ন জায়গা প্রভৃতি। আফতাবনগরে গিয়ে দেখা যায়, এই হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। গাবতীতে সয়লাব নানাজাতের কোরবানি পশুতে। হাটটিতে এখন গরু রাখারও জায়গা নেই। তবে অন্যান্য হাটে এখনও গরু শূন্য।











