শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি চালিয়ে মাকে নিয়ে বাসায় গেলেন তারেক

news-image

দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর বড় ছেলে তারেক রহমানের দেখা হলো লন্ডনের হিথরো বিমানবন্দরে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে বিমানবন্দরে পৌঁছার পর মা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়ে নিজেই গাড়ি চালিয়ে তাঁকে বাসায় নিয়ে যান তারেক।

বিমানবন্দরে খালেদাকে অভ্যর্থনা জানানোর সময় তারেকের সঙ্গে ছিলেন দলের যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। পরে এম এ মালেক সাংবাদিকদের জানান, বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ভিআইপি লাউঞ্জে প্রথম সাক্ষাতে মা-ছেলে অশ্রুসিক্ত নয়নে একে অন্যকে জড়িয়ে ধরেন। এরপর মাথায় হাত বুলিয়ে, মুখে চুমু দিয়ে ছেলেকে আদর করেন খালেদা। এম এ মালেকের মতে, এটি ছিল এক আবেগঘন মুহূর্ত। ভিআইপি লাউঞ্জে তাঁরা কিছুক্ষণ সময় কাটান। একে অপরের খোঁজখবর নেন। ছোট ভাই আরাফাত রহমানের মৃত্যুর পর মা খালেদা জিয়ার সঙ্গে এটাই তারেকের প্রথম দেখা।

খালেদা জিয়ার সফরসঙ্গী এক নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে জানান, খালেদা জিয়া প্রথমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায়ই উঠেছেন। তবে রাতে তিনি থাকবেন ওয়েস্ট এন্ডের একটি হোটেলে। নেতাকর্মীদের ভিড় এড়াতে বিষয়টি গোপন রাখা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের শিকার হতে পারেন- এমন আশঙ্কা থেকে খালেদা জিয়ার অবস্থান ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

জানা গেছে, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের বাইরে বিএনপির কয়েক শ নেতাকর্মী উপস্থিত হয়েছিল। অন্যদিকে বিক্ষোভ জানাতে বিএনপির নেতাকর্মীদের পাশেই দাঁড়িয়েছিল যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ছিল কালো পতাকা ও বিএনপির টানা তিন মাসের আন্দোলনের সময়ের নানা ধ্বংসযজ্ঞের ছবি। তবে তারা খালেদা জিয়ার দেখা পায়নি। কারণ ভিআইপি গেট দিয়ে বেরিয়ে খালেদা সোজা গাড়িতে উঠে দ্রুতই বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁকি দিতে লন্ডন বিএনপির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ ৩ নম্বর টার্মিনালের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে গিয়ে দাঁড়ায়। উদ্দেশ্য ছিল, তারা যাতে বোঝে, খালেদা জিয়া ৩ নম্বর টার্মিনাল দিয়েই বের হবেন। কিন্তু আরেক ভাগ নেতাকর্মী ভিআইপি গেটে গিয়ে অপেক্ষমাণ থাকে। ফলে বিক্ষোভরত আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পারেনি খালেদা জিয়া কখন বেরিয়ে চলে গেছেন।

খালেদা জিয়া ২০১১ সালের মে মাসে সর্বশেষ লন্ডনে এসেছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গেলেও এবার লন্ডনেই ছেলে, পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করবেন খালেদা। এ উপলক্ষে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়েও কয়েক দিন আগেই মালয়েশিয়া থেকে লন্ডনে গেছেন। এখন থেকে কোকোর স্ত্রী ও মেয়ে লন্ডনেই থাকবেন বলে জানা গেছে। বিএনপি নেতা এম এ মালেক জানান, ঈদের দিন খালেদা জিয়া বাংলাদেশের আদলে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন। এ ছাড়া তাঁরা যুক্তরাজ্যপ্রবাসীদের নিয়ে একটি সমাবেশ আয়োজনেরও চেষ্টা করছেন। তবে এসব নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্তের ওপর।

এদিকে খালেদা জিয়া যেখানে কর্মসূচিতে যাবেন, সেখানেই প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক বলেন, 'তিনি (খালেদা) যেখানে সভা করবেন, সেখানেই আমরা প্রতিবাদ জানাব। বিশেষ করে ব্রিটিশ সরকারের কারো কাছে তিনি তদবির করলে।' ২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো গ্রেপ্তার হন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনে পাড়ি জমান। সেই থেকে তিনি পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। ওই সময় কোকো প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য প্রথমে থাইল্যান্ডে যান। পরে সেখান থেকে সপরিবারে মালয়েশিয়া চলে যান। সেখানে চলতি বছরের ২৪ জানুয়ারি অসুস্থতাজনিত কারণে কোকো মারা যান।

এদিকে চেয়ারপারসনের সফরকে কেন্দ্র করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের লন্ডনে যাওয়ার কথা থাকলেও গতকাল পর্যন্ত চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও তাঁর ছেলে তাবিথ আউয়াল, আরেক উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর লন্ডনে পৌঁছার কথা জানা গেছে। এ ছাড়া প্রধানমন্ত্রী থাকার সময় খালেদা জিয়ার সহকারী প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালনকারী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীও যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে পৌঁছেছেন। তিনটি বৈঠকের কর্মসূচি : জানা গেছে, আপাতত তিনটি বৈঠকের জন্য লন্ডনে বসবাসরত নেতাদের প্রস্তুত থাকতে বলেছেন খালেদা জিয়া।  আলাপকালে সফরসঙ্গী এক নেতা জানান, লন্ডনে তিনটি বৈঠকের মধ্যে একটি সম্ভবত কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে। কিন্তু অন্য দুটি কোথায় বা কার সঙ্গে গতকাল পর্যন্ত খালেদা জিয়া তা জানাননি। আর লন্ডনের বাইরে বেলজিয়ামের ব্রাসেলসে যেতে পারেন খালেদা। সেখানে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।