আওয়ামী লীগই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিল: জেএসডি
‘জাসদ বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছে’- আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আজ যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন- তাদের দলই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছে এবং তাদের দলই বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী। বঙ্গবন্ধু হত্যার পর তাদের দলই খুনি মোশতাকের নেতৃত্বে সরকার গঠন করেছে। ওই সরকারই কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তখন একমাত্র জাসদ/জেএসডি খুনি মোশতাকের ফাঁসি দাবি করেছিল। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেএসডির অবস্থান তুলে ধরেন দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক। দীর্ঘদিন পর এই ইস্যুটির প্রতিবাদ জানানোর কারণ ব্যাখ্যা করে আসম রব বলেন, আমি অনেকদিন আমেরিকায় ছিলাম। তাই এই বক্তব্যের প্রতিবাদ জানাতে পারিনি। লিখিত বক্তব্যে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী এই মুক্তিযোদ্ধা বলেন, কোন নেতাকে হত্যার মাধ্যমে জেএসডি ক্ষমতার পটপরিবর্তন চায় না। জেএসডি সবসময় গণতান্ত্রিক ধারার মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন চায়। বঙ্গবন্ধু হত্যার কারণ উদঘাটন করতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কয়েকটি প্রশ্ন রাখেন জেএসডি সভাপতি। তিনি বলেন, কারা সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ‘বিপ্লবী জাতীয় সরকার’ গঠন না করে বঙ্গবন্ধুকে দলীয় সরকার গঠনের পরামর্শ দিয়েছিল? কারা বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দিন আহমেদের দূরত্ব তৈরি করেছে? কারা বঙ্গবন্ধুকে রক্ষী বাহিনী গঠনের পরামর্শ দিয়েছিল? রাজনৈতিক সঙ্কটকে অতিরিক্ত শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করার উদ্যোগ নিতে কারা বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছিল? কারা বঙ্গবন্ধুকে বাকশাল করতে বাধ্য করেছিল? কারা বঙ্গবন্ধুকে আজীবন প্রেসিডেন্ট আর সংসদের মেয়াদ বৃদ্ধি করার উদ্যোগ নিয়ে বঙ্গবন্ধু হত্যা ত্বরান্বিত করেছিল? আওয়ামী লীগকে আরও গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বঙ্গবন্ধু হত্যার কারণ ও উৎস বিশ্লেষণের আহ্বান জানান তিনি। সরকারের সমালোচনা করে আসম রব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি ঘটেছে। আইনের শাসনের সুরক্ষা ভেঙে পড়েছে। জনগণের গণতন্ত্র চর্চা বন্ধ করে সরকার জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর রসদ জোগাচ্ছে। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতির অবসান ঘটানোর জন্য উন্নত গণতন্ত্রের চর্চা করার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতে জনগণের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে ইস্যুভিত্তিক কর্মসূচি দেবে জেএসডি। লিখিত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, জাসদ কখনোই হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। এটি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ একটি গণতন্ত্রমনা দল। দুই জোটের বিকল্প হিসেবে জেএসডি ‘তৃতীয় রাজনৈতিক শক্তি’ গড়ে তোলায় অনেকের মাথায় ঘুরে গেছে। তাই তারা জনগণের দৃষ্টি ভিন্নখানে নিতে অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছেন। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এমএ গোফরান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর করিম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।











