আইনজীবীর পর এবার ব্যবসায়ীর জঙ্গি কানেকশন
চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের (এসএইচবি) অর্থের জোগানদাতা হিসেবে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবী গ্রেফতার হয়েছিলেন দিন পনেরো আগে। আইনজীবীদের পর এবার জঙ্গি কানেকশন পাওয়া গেছে এক ব্যবসায়ীরও! এ ব্যবসায়ীর নাম মো. এনামুল হক। শহীদ হামজা ব্রিগেডের জঙ্গি নেতা মনিরুজ্জামান মাসুদ ওরফে ডনের অ্যাকাউন্টে ওই তিন আইনজীবী জমা দিয়েছিলেন এক কোটি আট লাখ টাকা। আর গার্মেন্ট ব্যবসায়ী এনামুল ওই অ্যাকাউন্টে জমা দিয়েছেন ১৬ লাখ টাকা। ইসলামী ব্যাংক উত্তরা শাখা থেকে অনলাইনে ডনের অ্যাকাউন্টে ওই টাকা জমা করেন তিনি। যদিও তিনি দাবি করেছেন, গার্মেন্টের অর্ডার বাতিল হওয়ায় টাকাগুলো ফেরত দিয়েছিলেন এনামুল।
জানা গেছে, ব্যবসায়ী এনামুলের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে শনিবার দুপুরে ঢাকার তুরাগ এলাকা থেকে গ্রেফতার করেন র্যাব-৭-এর সদস্যরা। গতকাল রোববার তাকে বাঁশখালী আদালতে হাজির করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ পর্যন্ত এসএইচবির জঙ্গি নেতা ডনের অ্যাকাউন্টে এক কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার সন্ধান পেয়েছে র্যাব। এর মধ্যে ওই অ্যাকাউন্টে এক কোটি ২৪ লাখ টাকা জমাদানকারী চারজনকে গ্রেফতার করেছে র্যাব। বাকি টাকা যারা ওই অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন, তাদের গ্রেফতারে র্যাব তৎপরতা অব্যাহত রেখেছে। এদিকে, ডনের অ্যাকাউন্টে প্রশ্নবিদ্ধ লেনদেনের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে র্যাব।
এ প্রসঙ্গে চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, 'শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার হওয়া ব্যবসায়ী এনামুলসহ এ পর্যন্ত দশ দফা অভিযান চালিয়ে ওই জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার দায়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ডনের অ্যাকাউন্টে অর্থ জমাদানকারী ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীও রয়েছেন। ব্যারিস্টার শাকিলা দু'দফায় ৫২ লাখ টাকা, অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান লিটন ৩১ লাখ, অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন ২৫ লাখ এবং সর্বশেষ গ্রেফতার হওয়া গার্মেন্ট ব্যবসায়ী মো. এনামুল হক ১৬ লাখ টাকা ডনের অ্যাকাউন্টে জমা করার সুনির্দিষ্ট তথ্য রয়েছে আমাদের কাছে। ডনের ওই অ্যাকাউন্টে এক কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা জমা হওয়ার তথ্য পেয়েছি আমরা। বাকি টাকা যারা জমা দিয়েছেন, তাদের শিগগিরই গ্রেফতার করা হবে।
সে সঙ্গে যেসব ব্যাংকে জঙ্গি অর্থায়নের এই প্রশ্নবিদ্ধ লেনদেন হয়েছে, সেসব ব্যাংকের কর্মকর্তাদের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হবে। তিনি জানান, এ পর্যন্ত জঙ্গি সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়া ৩২ জনের মধ্যে ৩০ জনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।











