যুদ্ধজাহাজ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হতে যাচ্ছে
বাগেরহাটের মংলায় গতকাল দুটি নতুন ল্যান্ডিং ক্রাফট ট্যাংকার আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খুলনা শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণকাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশ নৌবাহিনী একটি মর্যাদাশীল ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হতে যাচ্ছে। বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী চিন্তা বাস্তবায়নের ফলে মুক্তিযুদ্ধের পর মাত্র দুটি প্যাট্রল ক্রাফট দিয়ে যাত্রা শুরু করা সেদিনের সেই ছোট্ট বাহিনী আজ অনেক বড় হয়েছে। আজ আমরা যুদ্ধজাহাজ তৈরি করছি। সেদিন বেশি দূরে নয়, যেদিন আমরা যুদ্ধজাহাজ আমদানি নয়, রপ্তানি করব।'
প্রধানমন্ত্রী বলেন, 'আজ দেশের শিপইয়ার্ডে দেশীয় ও বৈদেশিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত দেশের প্রথম ফ্লিট ট্যাংকার নৌবাহিনীতে সংযোজিত হলো। দেশের জাহাজ তৈরি শিল্পের ইতিহাসে এটি এক বিশাল মাইলফলক। দেশীয় শিপইয়ার্ডগুলোর এ অগ্রযাত্রা ইতিমধ্যে বাংলাদেশকে একটি জাহাজ নির্মাণকারী দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। অদূর ভবিষ্যতে আমরা এ দেশেই আরো উন্নতমানের যুদ্ধজাহাজ নির্মাণ করব।' গতকাল রবিবার দুপুরে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে জাহাজ নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে মংলার নেভাল বার্থে নবনির্মিত এলসিটি-১০৩ ও এলসিটি-১০৫ নৌবাহিনীতে সংযুক্তকরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ভাষণ দেন। একই অনুষ্ঠানে বানৌজা কেজে আলী, বানৌজা সন্দ্বীপ ও বানৌজা হাতিয়ার কমিশনিং করা হয়। পরে সেখান থেকে তিনি খুলনার খালিশপুরে বানৌজা তিতুমীরে যান। দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী খালিশপুর থেকে খুলনা শিপইয়ার্ডে বিমানবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণকাজ উদ্বোধনের অনুষ্ঠানস্থলে পৌঁছেন।
টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম খুলনা সফর। এর আগে ২০১৩ সালের ২৪ জানুয়ারি তিনি খুলনায় এসেছিলেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীতে অনেকগুলো তোরণ নির্মিত হয় এবং সড়কদ্বীপগুলোয় অভিনন্দনসূচক ব্যানার-ফেস্টুন টানানো হয়। অনুষ্ঠান দুটিতে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত যে আজ বাংলাদেশ নৌবাহিনীর ক্রমাগত অগ্রযাত্রার আরেকটি ধাপ উন্মোচিত হলো। দিনটি শুধু বাংলাদেশ নৌবাহিনীর জন্যই নয়, সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের।' দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আজ আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর ডাকে সাড়া দিয়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র বাহিনীসহ দেশের আপামর জনসাধারণ।'
বাংলাদেশের সমুদ্রসীমায় সম্পদের প্রাচুর্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'সমুদ্রসীমা নির্ধারণের মাধ্যমে অর্জিত বাংলাদেশের বিশাল সামুদ্রিক এলাকায় সমুদ্রপথে বাণিজ্য পরিচালনা করা ছাড়াও আছে মৎস্য, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ পদার্থসহ মূল্যবান সম্পদ। ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত কারণে বাংলাদেশের এই জলসীমা ও তার সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। সমুদ্রসীমার সম্পদ এবং সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের একটি শক্তিশালী ও আধুনিক নৌবাহিনীর বিকল্প নেই- এ সত্যটি স্বাধীনতার আগেই জাতির জনক উপলব্ধি করেছিলেন। তাঁর ছয় দফা আন্দোলনে তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন।' প্রধানমন্ত্রী বলেন, 'স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু আমাদের সমুদ্রসীমা রক্ষার্থে একটি দক্ষ ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে দৃঢ় পদক্ষেপ নেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক মহলে বিভিন্ন অবদানের জন্য বাংলাদেশ নৌবাহিনী সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আধুনিক নৌবাহিনী গঠনে আওয়ামী লীগ সরকারের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রা বেগবান হয়। সে সময়ে অত্যাধুনিক মিসাইল ফ্রিগেট বানৌজা বঙ্গবন্ধু, লার্জ প্যাট্রল ক্রাফট মধুমতী, প্যাট্রল ক্রাফট বরকত, তিতাস, কুশিয়ারা, ট্যাংকার ইমাম গাজ্জালী নৌবাহিনীতে কমিশন করা হয়। বানৌজা শৈবালকে হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ হিসেবে রূপান্তরিত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'একই সঙ্গে নৌবাহিনীতে অত্যাধুনিক সিমুলেটর (Simulator) যুক্ত স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকস, হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সেন্টার এবং নৌ হাসপাতাল উপশম সংযোজন করা হয়। এ ছাড়া রুগ্ণ খুলনা শিপইয়ার্ডকে নৌবাহিনীর কাছে হস্তান্তর ছিল আমাদের সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।' সরকারি ব্যবস্থাপনায় শিল্প-কলকারখানা বেসরকারি খাতে হস্তান্তর-বিক্রি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা আর কোনো প্রতিষ্ঠান কম দামে বিক্রি করব না; এসব প্রতিষ্ঠানে দেশি-বিদেশি উৎস থেকে পুঁজি বিনিয়োগ করে খুলনা শিপইয়ার্ডের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।'
শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পর ২০১০ সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বানৌজা ওসমান ও মধুমতী মোতায়েন হয়েছিল। বর্তমানে সেখানে বানৌজা আলী হায়দার ও বানৌজা নির্মূল মোতায়েন রয়েছে। একইভাবে মালি ও সম্প্রতি দক্ষিণ সুদানে পূর্ণাঙ্গ নৌ কন্টিনজেন্টগুলো শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা হয়েছে।' তিনি বলেন, 'আমি জেনে খুশি হয়েছি যে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে গত এক বছর ধরে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বৃদ্ধি ও ভূয়সী প্রশংসা অর্জন করছে।'
নৌবাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, 'আপনাদের পেশায় যেমন চ্যালেঞ্জ আছে, তেমনি আছে বিশালতার আহ্বান। আমি বিশ্বাস করি, সাগরের মতো বিশাল আপনাদের দেশপ্রেম। আমাদের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে সমুদ্রসম্পদের বিরাট ভূমিকা কাজে লাগানোর গুরুদায়িত্ব আপনাদের।' সদ্য সংযোজিত ফ্লিট ট্যাংকার ও অন্য জাহাজগুলো নৌবাহিনীতে সুদীর্ঘকাল বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, মিজানুর রহমান মিজান এমপি, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম খুরশীদ মালিক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











