আবদুল আলীমের মৃত্যুবার্ষিকী আজ
আবদুল আলীম। সংগীতাকাশের উজ্জ্বল নক্ষত্র। লোকসংগীতের প্রাণপুরুষ। আজ তার ৪১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। জীবদ্দশায় লোকসংগীতকে এক অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন আবদুল আলীম। এদেশে লোকসংগীতকে জনপ্রিয় করার পেছনে তার অবদান আকাশছোঁয়া। ১৯৩১ সালের ২৭শে জুলাই পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার তালিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী মানুষটি। তার পিতার নাম শেখ মো. ইউসুফ আলী। ছোটবেলা থেকেই গানের প্রতি ভালবাসা প্রকাশ পায় তার। সে কারণে কৈশোরেই শুরু করেন সংগীতচর্চা। বেশ কজন ওস্তাদের কাছে তিনি তালিম নেন। এক সময় গান করতে করতে কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে পরিচয় হয় আবদুল আলীমের। তার গান শুনে মুগ্ধ হন কবি। তখন কলকাতার মেগাফোন কোম্পানির প্রশিক্ষক ধীরেন দাসকে আবদুল আলীমের গান রেকর্ডের নির্দেশও দেন কাজী নজরুল ইসলাম। ১৯৪৮ সালের ৯ই আগস্ট আবদুল আলীম সর্বপ্রথম বেতারে গান পরিবেশন করেন। এরপর তিনি সংগীতজ্ঞ মমতাজ আলী খানের কাছে গানের তালিম নিয়ে পল্লী গানের জগতে চলে আসেন। এই মাটির গানকেই স্থায়ীভাবে বেছে নেন আবদুল আলীম। পল্লী গান ছাড়াও ইসলামী গানেও বেশ খ্যাতি অর্জন করেন তিনি।
১৯৫২-৫৩ সালে আবদুল আলীম কলকাতায় বঙ্গীয় সাংস্কৃতির সম্মেলনে গান গেয়ে এদেশের বাইরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এ সময়টায় পল্লী গানে খ্যাতির চূড়ায় অবস্থান করেন এই শিল্পী। আবদুল আলীমের প্রায় ৫০০ গান রেকর্ড করা রয়েছে। এছাড়া বেতার স্টুডিও রেকর্ডেও রয়েছে প্রচুর গান। জীবদ্দশায় ও মরণোত্তর বেশ কিছু পুরস্কার পেয়েছেন আবদুল আলীম। এর মধ্যে রয়েছে একুশে পদক, জাতীয়
চলচ্চিত্র পুরস্কার, পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার ও স্বাধীনতা পদক। তিনি সংগীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং
লোকসংগীত বিভাগের প্রধান ছিলেন। আজ আবদুল আলীমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আবদুল আলীম ফাউন্ডেশন’ শিল্পীর মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার শিল্পীর জীবনের ওপর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।











