শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমবাজার কব্জায় নিতে মালয়েশিয়ায় সিন্ডিকেট

news-image

বেসরকারিভাবে (বিজনেস টু বিজনেস/বি টু বি) মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জট এখনও খুলেনি। ১৫ লাখ শ্রমিক নেয়ার সমঝোতা স্মারক এখনও স্বাক্ষর হয়নি। সদ্য ঢাকা সফর করে গেছেন মালয়েশিয়ার উচ্চপর্যায়ের কারিগরি প্রতিনিধি দল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সঙ্গে তাদের সিরিজ বৈঠক হয়েছে। এসব বৈঠকে অভিবাসন ব্যয় ও কর্মীদের বেতন-ভাতা নিয়ে আলোচনা হয়েছে। এমন অবস্থার মধ্যেই সম্ভাব্য শ্রমবাজারটি নিয়ন্ত্রণের জন্য রীতিমতো উঠেপড়ে লেগেছে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ নামধারী সিন্ডিকেট। এ প্রভাবশালী গ্রুপটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপদস্থদের নানাভাবে ম্যানেজ করার চেষ্টায় দেনদরবার করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং রিক্রুটিং এজেন্সি সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সরকারের উচ্চ পদস্থদের সঙ্গে বৈঠক করে গত জুন মাসের শুরুতে মালয়েশিয়ায় তিন বছরে ১৫ লাখ শ্রমিক নেয়ার সুখবরটি গণমাধ্যমকে জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সুখবরটি আসার পরপরই উভয় দেশের জনশক্তি রপ্তানি ও আমদানির সঙ্গে সংশ্লিষ্টরা নড়েচড়ে বসেন। শ্রমবাজারটি নিয়ন্ত্রণে নিতে দেনদরবার ও গ্রুপিং-লবিং শুরু করে বিভিন্ন গ্রুপ। সংশ্লিষ্ট সূত্র মতে, মালয়েশিয়ার প্রভাবশালী দাতো উপাধিধারী বাংলাদেশী দুই ব্যবসায়ী রিয়েল টাইমের দাতো আবু হানিফ এবং বেস্টিনেট-এর আমিন নূর সবচেয়ে বেশি তৎপর হয়ে উঠেছেন। এ দুই গ্রুপের প্রতিনিধিরা ইতিমধ্যে সাবেক ও বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রীসহ সরকার ও রিক্রুটিং এজেন্সির প্রভাবশালী মালিকদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন। বাংলাদেশ থেকে যেসব কর্মী মালয়েশিয়ায় যাবে সফটওয়্যারের মাধ্যমে তাদের তথ্য বা ডাটা সংরক্ষণের দায়িত্ব নিতে চায় তারা (কোম্পানি)। এ বিষয়ে সাধারণ ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের ডাটা সংরক্ষণের দায়িত্ব যে কোম্পানিকে দেয়া হবে মূলত ওই কোম্পানিই শ্রম বাজারটির নিয়ন্ত্রণ করবে। এ কারণেই রিয়েল টাইম ও বেস্টিনেট নামের মালয়েশিয়ান দুই কোম্পানি কাজটি পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১শে আগস্ট রাতে মালয়েশিয়া থেকে বাংলাদেশী ব্যবসায়ী দাতো আবু হানিফের (রিয়েল টাইম) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বেসরকারি ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকা আসেন। এ দলে ছিলেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর ভাই ও ভাতিজা। ২২শে আগস্ট শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা কার্যালয়ে নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গেও ইস্কাটনে তার দপ্তরে সাক্ষাৎ করেন। এ বৈঠকে বায়রার সভাপতি আবুল বাশারও উপস্থিত ছিলেন। অন্যদিকে মালয়েশিয়ান আরেক ব্যবসায়ী আমিন নূরের নেতৃত্বে প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থদের সঙ্গে বৈঠক করেন। তাদের সঙ্গে বাংলাদেশের ক্যাটারসিস ওভারসিজের এমডি ও বায়রা থেকে বহিষ্কৃত যুগ্ম মহাসচিব রুহুল আমিন স্বপনসহ বেসরকারি জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত কয়েকটি প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের কয়েক জন এ সময় উপস্থিত ছিলেন। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের বলেন, দাতো আমিন নূরের সঙ্গে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর ছোট স্ত্রীর বেশ দহরম-মহরম রয়েছে। তাই তাদের মাধ্যমে সব কিছু করা হলে বিষয়টি একটি পর্যায়ে নিয়ে যাওয়া যাবে বলে আশ্বস্ত করেন। মালয়েশিয়ার এ দুই ব্যবসায়ীর তৎপরতা নিয়ে সাধারণ ব্যবসায়ীরা বলছেন, দুই মালয়েশিয়ান ব্যবসায়ী আবু হানিফ এবং আমিন নূরের নেতৃত্বে পক্ষে-বিপক্ষে সিন্ডিকেট তৈরি হয়েছে। এ দুই সিন্ডিকেটই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করছে। এভাবে দুই পক্ষ শ্রমবাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলে স্বল্প ব্যয়ে কর্মী পাঠানোর বিষয়টি কাগুজে জিনিসে পরিণত হবে। কর্মী পাঠানোর ব্যয় তিন থেকে চার গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনটা হলে এ সেক্টরে আবারো বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এমন সিন্ডিকেট গঠন প্রসঙ্গে বায়রা সভাপতি আবুল বাশার মানবজমিনকে বলেন, মালয়েশিয়ান ব্যবসায়ী আবু হানিফের রিয়েল টাইম কোম্পানি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে যেসব কর্মী বাংলাদেশ থেকে যাবে তাদের তথ্য বা ডাটা সংরক্ষণের জন্য (সফটওয়্যার) প্রতিজনের কাছ থেকে সার্ভিস চার্জ হিসেবে ১৫ রিঙ্গিত চেয়েছে। এ ছাড়া আরও কিছু প্রস্তাব তারা মন্ত্রীকে দিয়েছে। যা সরকারের পছন্দ হয়েছে বলে জেনেছি। তিনি বলেন, মালয়েশিয়ার ব্যবসায়ী আমিন নূর এবং ক্যাটারসিস ওভারসিজের এমডি রুহুল আমিন স্বপনসহ ১০ জন মিলে পুরো মালয়েশিয়ার শ্রমবাজারটি কব্জায় নিতে বর্তমান এবং সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন। কিন্তু, দুই মন্ত্রীই তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আমিন ও স্বপন যে সিন্ডিকেট করতে চাচ্ছে তা হতে দেব না। প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও তা হতে  দেবেন না। কারণ আমরা চাই বায়রার সব সদস্যই গণতান্ত্রিকভাবে ব্যবসা করতে। আমরা এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে চাই। সরকারের সহযোগিতাও আমরা চাচ্ছি। আমরা মনে করি, ওরা গরিবের মাথা ভেঙ্গে খাবে। এটা আওয়ামী লীগ সরকারের আমলে কোন মতেই হতে দেয়া হবে না। রিয়েল টাইমের সঙ্গে বায়রার কিছু নেতা সিন্ডিকেট করে কাজ করতে চায় কিনা এমন প্রশ্নে বাশার বলেন, আমরা রিয়েল টাইম বা অন্য কিছু বুঝি না। মালয়েশিয়া সরকার যাকে অনুমতি দেবে তার সঙ্গেই আমরা কাজ করবো। সিন্ডিকেট করে ১০ জন মিলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়টি অস্বীকার করে রুহুল আমিন স্বপন মানবজমিনকে বলেন, সিন্ডিকেট করে মালয়েশিয়ার শ্রমবাজার কব্জা করতে চায়- এটা একজন বা দুইজন বলে দিলেই কব্জা হয়ে গেল। সিন্ডিকেট করছি এটারতো প্রমাণ দিতে হবে। আমি মনে করি শ্রম বাজার কোন শাকসব্জির বাজার নয়। এটা নিয়ে সিন্ডিকেট কিভাবে হবে। যারা এসব কথা বলছে তাদের কথায় ফাঁকফোকর বা কিছু উদ্দেশ্য আছে। তিনি উল্টো প্রশ্ন রেখে বলেন, তারা মালয়েশিয়ার একজন ব্যবসায়ী প্রতিনিধি দাতো আবু হানিফকে (রিয়েল টাইম) বাংলাদেশী কর্মীদের ডাটা সংরক্ষণের (সফটওয়্যার) কাজ পাইয়ে দিতে কাজ করছেন। ওই আবু হানিফ আবার সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল (লাইসেন্স-১০২২) নামে একটি রিক্রুটিং এজেন্সিরও মালিক। রিয়েল টাইমের জন্ম হয়েছে গত মার্চ মাসে, যাদের এ বিষয়ে  কোন অভিজ্ঞতা নেই। তাদের পক্ষে (রিয়েল টাইম) বায়রা প্রেসিডেন্টের বক্তব্য দেয়া ঠিক হয়নি। মানুষ এতে অন্য কিছুর গন্ধ খুঁজে পাবে। রুহুল আমিন স্বপন বলেন, সত্যি কথা বলার কারণে বায়রার নির্বাহী কমিটি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। বায়রার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। এমনকি লাইসেন্স বাতিলের জন্যও বলা হয়েছে। আমাকে নিয়ে এত গাত্রদাহ কেন। কি এমন করলাম আমি? এদিকে প্রায় চার বছর বন্ধ থাকার পর ২০১২ সালে জি টু জি (সরকার টু সরকার) ভিত্তিতে কর্মী নেয়ার চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ ও মালয়েশিয়া। শুধুমাত্র গাছ রোপণের কাজে দেশটিতে সরকারিভাবে (জি টু জি) ২০১৩ সালের মার্চ থেকে কর্মী পাঠানো শুরু হয়। তবে, গত সোয়া দুই বছরে এ প্রক্রিয়ায় মাত্র ৮ হাজারের মত কর্মী গেছে মালয়েশিয়ায়। এ নিয়ে হতাশা ও ক্ষোভ তৈরি হয় মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের মধ্যে। এমন অবস্থার মধ্যে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া যায়। এরপরই শ্রমবাজার উন্মুক্ত হওয়ার খবরটি জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এরপর থেকেই নানা সিন্ডিকেট তৈরি হচ্ছে।