তারেক রহমান দেশে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র- মওদুদ আহমেদ (ভিডিও)
বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছে দাবি করে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘দ্রুত অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। তখন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরবেন। তার দেশে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এই মুহূর্তে তার দেশে ফিরে আসার কোনো পরিবেশ নেই। এজন্য আমরা তারেক রহমানকে দেশে ফিরতে বলছি না।’
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এক এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে মওদুদ বলেন, ফখরুদ্দিন-মঈনউদ্দিন সরকারের উদ্দেশ্য ছিল তাকে (তারেক রহমান) মেরে ফেলা। অথবা এমন অবস্থা করে দেয়া, যাতে ভবিষ্যতে স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম তিনি করতে না পারেন।’
রাজনৈতিক নতুন সংস্কৃতির প্রতিশ্রুতি দিয়ে বিতর্কিত এ নেতা বলেন, ‘ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবে।’
একই সঙ্গে গণতন্ত্র শক্তিশালী করার জন্য পার্লামেন্ট, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে কার্যকর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
মওদুদ আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন গণতন্ত্র পুনরুদ্ধারে অনেক কিছু করেছেন। সর্বশেষ তিন মাস অবরুদ্ধ ছিলেন। এখন আমাদের করতে হবে। দেশের মানুষের মনে এই বিষয়টি সম্পর্কে বিশ্বাস জাগাতে হবে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন করছে। তাহলেই তারা রাজপথে নামবে।’
দেশে নির্বাচন হবে এবং তা সময়ের ব্যাপার মাত্র উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘এখন সংগ্রামী রাজনীতিবিদদের অবস্থা ভালো নেই। রাজনীতি রাজনীতিবিদদের হাত থেকে অন্যদের হাতে চলে যাচ্ছে। যাদের ত্যাগ নেই, শুধু ভোগ আর নির্বাচন নিয়ে থাকে তারা রাজনীতিতে যুক্ত হচ্ছে।’
তিনি বলেন, দেশে একক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠলে অবধারিতভাবে জঙ্গিবাদের উত্থান হবে। এই অবস্থা থেকে উত্তরণে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করলে গণতন্ত্র ফিরে আসবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, হাফিজউদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আহমদ আযম খান প্রমুখ বক্তৃতা করেন।
https://www.youtube.com/watch?v=ponFM5bjHqQ
amadershomoys.com











