শেখ হাসিনার বই প্রকাশ করবে রাশিয়ান একাডেমি
রাশিয়ার একটি বিজ্ঞান একাডেমি বিভিন্ন ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর একটি বই প্রকাশ করবে। রাশিয়ান একাডেমি অব সায়েন্স ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজ বিশ্বের পরিবর্তন সাধনকারী নেতৃবৃন্দের ওপর এ ধরনের বই প্রকাশের উদ্যোগের অংশ হিসেবে এই গ্রন্থটি প্রকাশ করবে। একাডেমির প্রধান ড. ভিটালি ভি নুমকিন একথা বলেন। ড. নুমকিন গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে একথা জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয় অবহিত করেন। ড. নুমকিন বলেন, তার সংস্থা রুশ, ইংরেজি, আরবি ও বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষায় শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে।
এ প্রসঙ্গে তিনি জানান যে, রাশিয়ান একাডেমি ইতিমধ্যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের ওপর একটি বই প্রকাশ করেছে। বৈঠকের শুরুতে বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই মহান নেতার ৪০তম শাহাদাতবার্ষিকীতে আন্তরিক শোক প্রকাশ করেন। ড. নুমকিন ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর রাশিয়া সফরের কথা স্মরণ করে বলেন, ওই সফরে তিনি একজন ইন্টারপ্রেটর হিসেবে কাজ করেছেন। আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বুদ্ধিবৃত্তির জগতে এক সু-অংশীদার। বৈঠকে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রাশিয়ার অকুণ্ঠ সমর্থন এবং স্বাধীনতার পর বিভিন্ন খাতে সহযোগিতার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও দেশটির অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রধান লক্ষ্য ছিল বিশেষ করে নারীদের অধিকার সম্পর্কে তাদের মাঝে সচেতনতা সৃষ্টিসহ সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। প্রধানমন্ত্রী এই অঞ্চলের নারী নেতৃত্বের বিকাশের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম, রাশিয়ার ইরকুত করপোরেশনের মার্কেটিং ও এক্সটারনাল রিলেশন্সের ভাইস প্রেসিডেন্ট ড. ভ্লাদিমির এন সুতভ ও ঢাকায় রাশিয়া দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনাতলি ওয়াই দেভ্যদেনকো অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।











