পঞ্চগড়ের অমরখানা সীমান্তে দুই বাংলার বাঙালিদের মিলনমেলা,সীমান্তে ভারতীয় ৬টি গরু আটক করল বিজিবি
পহেলা বৈশাখ উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা সীমান্তে প্রতিবারের মতো এবারও বসেছিল দুই বাংলার বাংলাভাষীদের মিলনমেলা। এদিন সীমান্তের কাঁটাতারের বেড়ার দুই পাশ ঘেঁষে হাজারো মানুষের ঢল নামে। সরেজমিন দেখা গেছে, সকাল থেকে সীমান্তের কাছাকাছি এলাকায় হাজির হতে থাকেন উভয় দেশের নারী-পুরুষ-শিশুরা। সকাল সাড়ে ১০টায় বিএসএফ ভারতীয় নাগরিকদের অনুমতি দিলে তারা চলে আসে কাঁটাতারের বেড়ার কাছে। ভারতীয় নাগরিকরা তাঁরকাটার বেড়ার আসার সাথে সাথেই বাংলাদেশি নাগরিকরাও চলে যায়ে বেড়ার কাছে। সীমান্তের ৭৪৪ নম্বর মেইন পিলারের ১ থেকে ৭ নম্বর সাব পিলার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়ার ওপর উভয় দেশের হাজারো মানুষ হুমড়ি খেয়ে পড়ে। কাঁটাতারের বেড়ার ফাঁকে ফাঁকে চলে কথা আর ভাবের আদান-প্রদান। প্রায় সবারই কাছে কিছু না কিছু উপহার সামগ্রী। এসব উপহার সামগ্রী কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে স্বজনদের লক্ষ্য করে ছুড়ে দেওয়া হয়। কেউ কেউ হাতে হাতে দেন উপহার। এমন আবেগ আর ভালোবাসায় মোড়ানো হাজারো দৃশ্যে মুখর ছিল ওই সীমান্ত এলাকা। অনেকে এসেছেন এ অভূতপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করতে। সবকিছু মিলিয়ে এখানে যেন মিলন মেলা বসেছিল। দুপুর আড়াইটায় এ মিলনমেলা সাঙ্গ হয়।
স্থানীয়রা জানান, ১৯৪৭ সালে পাক-ভারত বিভক্তির আগে পঞ্চগড় ছিল ভারতের জলপাইগুড়ি জেলার অন্তর্গত। বিভক্তির পর সীমান্তবর্তী এ এলাকার অনেকের আত্মীয় স্বজন দুই দেশে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ৭০ দশকেও উভয় দেশের লোকজন প্রায় বিনা বাধায় যাতায়াত করতে পারলেও ৮০র দশকে তা থেমে যায়। কাঁটাতারের বেড়া নির্মাণ করায় যাতায়াত একেবারে বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে অর্থের অভাবে পাসপোর্ট ও ভিসা করতে অসমর্থ হওয়ায় আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর সে কারণে বাংলা নববর্ষের এ দিনটির জন্য ওইসব স্বজন-বিচ্ছিন্ন লোকজন মুখিয়ে থাকেন। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, শুরুতে বিএসএফ সম্মত ছিল না। তবে ভারতীয় নাগরিকদের চাপে বিএসএফ কর্তৃপক্ষ তাদেরকে কাঁটাতারের বেড়ার কাছে আসতে অনুমতি দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পর্যাপ্ত বিজিবি সদস্য মোতায়েন ছিল। নির্ধারিত সময়ের পর সবাই যে যার গন্তব্যে চলে যায়।
সীমান্তে ভারতীয় ৬টি গরু আটক করল বিজিবি
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তে কাঁটা তারের বেড়া কেটে ভারত থেকে গরু আনার সময় ৬টি গরু আটক করে কাষ্টমে জমা দিয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী(বিজিবি)। আজ শুক্রবার ভোরে উপজেলার সোনডাঙ্গা সীমান্তের ২৪৮পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে। বিজিবি সূত্র জানায়, গতকাল রাতে একদল চোরাকারবারী ভারত থেকে গরু আনতে গিয়ে চোরাকারবারীরা শুক্রবার ভোরে ওই এলাকার কাঁটা তারের বেড়া কেটে গরুগুলো নিয়ে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করে। এ সময় বিষয়টি সোনাডাঙ্গা বিজিবি টহল দলের নজরে পড়লে তারা তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে চোরাকারবারীরা তাদের গরুগুলি মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা গরুগুলি আটক করে নিয়ে আসে। পরে বিজিবি আটক গরুগুলো কাষ্টমে জমা দেয় এবং সিজার লিষ্ট তৈরির জন্য পত্নীতলা উপজেলার নজিপুর ব্যাটালিয়ানে পাটানো হয়েছে। এ ব্যাপারে ১৪বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান জানান, এ ঘটনায় পলাতক চোরাকারবারীদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে, সীমান্তে কাঁটা তারের বেড়া কাটার বিষয়ে বিএসএফ বিজিবিকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এরপর বিজিবি ওই এলাকার চিহ্নিত কাঁটা তার কাটা পার্টির খোঁজে অনুসন্ধান শুরু করে।











