শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সীমান্তে গোলাগুলি

news-image

বান্দরবানের থানচি উপজেলার বাসিঅংপাড়া সীমান্ত এলাকায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠীর অস্ত্রধারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলি হয়েছে। গতকাল বুধবার সকালে বিজিবির একটি টহলদলের ওপর হামলার পর এই গোলাগুলি শুরু হয়। এ ঘটনায় বিজিবির দুজন সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন নায়েক জাকির হোসেন ও সৈনিক আব্দুল গণি। তাঁদের মধ্যে জাকির হোসেনকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। গণির জখম গুরুতর নয়। তাঁকে মদকে বিজিবি ক্যাম্পে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত গোলাগুলির ঘটনার পর সীমান্তে বাড়তি সতর্কতা আরোপ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে যেকোনো সময় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান শুরুর ইঙ্গিত দেওয়ার পর বিকেলের দিকে সামরিক হেলিকপ্টারে করে সেনাবাহিনী ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য সীমান্তে জড়ো করা হয়েছে।

গতকাল রাত ৮টার দিকে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ কালের কণ্ঠকে বলেন, 'মিয়ানমার সীমান্তে বিজিবির সঙ্গে মিয়ানমারের আরাকান আর্মি নামের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের গোলাগুলি হয়েছে। এরপর সীমান্তে শক্তি বাড়িয়েছে বিজিবি। বিজিবি সদস্যরা সতর্কাবস্থায় রয়েছেন। করা হচ্ছে কঠোর নজরদারি। এখন পরিস্থিতি শান্ত আছে।'

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সীমান্তে গোলাগুলি

স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার বিকেলে বিজিবি জওয়ানরা বান্দরবানের থানচি উপজেলার নদীপথের তিন্দু, দোলিয়ানপাড়া ও আন্ধারমানিক এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির (এএ) ১৩টি ঘোড়া আটক করে। এ ঘটনার কারণে আরাকান আর্মি বিজিবি টহলদলের ওপর হামলা চালায় বলে এই সূত্রগুলো মনে করছে। থানচি উপজেলার সিঙ্গাফা মৌজার হেডম্যান সিং মং অং মারমা জানান, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত তিনি কয়েক রাউন্ড বন্দুকের গুলি ও মর্টার শেল নিক্ষেপের আওয়াজ পেয়েছেন। তবে বিজিবির ওপর কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি।

রেমাক্রি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা জানান, কয়েক বছর ধরে আন্ধারমানিকসহ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকাগুলোয় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি আস্তানা গেড়ে আছে। সাম্প্রতিক সময়ে ওই দেশের অন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠায় আন্ধারমানিকের আশপাশে এএলপি সমর্থকদের আনাগোনা বেড়ে যায়। সীমান্তের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, সম্প্রতি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো শক্তি বাড়াতে ঘোড়া ও হাতি সংগ্রহে উদ্যোগী হয়। গত এক মাসে বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে প্রায় ৩০টি ঘোড়া আন্ধারমানিকে নিয়ে আসা হয়। গত মঙ্গলবার শেষ চালানটি বিজিবির হাতে ধরা পড়ে। সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী ও বিজিবির নজর এড়িয়ে বান্দরবান-থানচি সড়ক ব্যবহার করেই ঘোড়াগুলোকে নিয়ে আসা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে নীলগিরি রিসোর্ট-সংলগ্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কয়েকজন বাসিন্দা জানায়, শনিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে তারা বেশ কয়েকজন আরোহীকে ঘোড়ার পিঠে চড়ে থানচি অভিমুখে যেতে দেখেছে। এদিকে বিজিবির বান্দরবান সেক্টরের মুখপাত্র মেজর জহির উদ্দিন বাবর জানান, বিচ্ছিন্নতাবাদীদের দমনে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, এ অভিযানে সেনাবাহিনী ও বিজিবির জওয়ানরা অংশ নিচ্ছেন। গতকাল সন্ধ্যার পর থেকে চিরুনি অভিযানের কথা জানানো হলেও রাত পৌনে ৮টার দিকে এ প্রতিবেদন লেখার সময় অভিযান শুরুর খবর পাওয়া যায়নি। এর আগেও মিয়ানমার সরকারের অনুরোধে যৌথ বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে সে দেশের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালায়।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ওই এলাকা এখন শান্ত রয়েছে। বিজিবির সদস্য জাকির চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন। তাঁর শরীরে গুলি লেগে বেরিয়ে গেছে। তিনি এখন শঙ্কামুক্ত। ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিজিবিপ্রধান বলেন, বাহিনীর ২০ সদস্যের একটি টহলদলের ওপর অতর্কিতে আক্রমণ চালানো হয়। দুর্গম এলাকায় পাহাড় থেকে আরাকান আর্মিরা তাদের ঘিরে ফেলে। খবর পেয়ে তাদের উদ্ধারে হেলিকপ্টারে করে বিজিবি ও সেনা সদস্যদের পাঠানো হয়। কিন্তু তারা পৌঁছার আগেই বিজিবি সদস্যরা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, বিচ্ছিন্নতাবাদী গ্রুপটি পালিয়ে যায়।

মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, 'এসব বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে অভিযান চালানো হবে। মিয়ানমার সেনাবাহিনীকে বলা হয়েছে এই গ্রুপের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। তারাও তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে।' তিনি আরো বলেন, 'মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী বাহিনীকে তাদের সীমান্ত বন্ধ করে দিতে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের সীমান্তও ঘিরে রাখা হয়েছে।' স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, 'মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টিকে দমনের জন্য যে ধরনের অপারেশন দরকার, তা চালানো হবে। সেটা চিরুনি অভিযান বা যৌথ অভিযানও হতে পারে; যাতে তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটাতে পারে।' গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিজিবির আহত সদস্য জাকির হোসেনকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। তার চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিজিবির অন্য সদস্যরা নিরাপদে বেজক্যাম্পে ফেরত এসেছে।'