বাড়তে পারে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমতে পারে তেলের
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে। একই সঙ্গে কমানো হতে পারে তেলের দাম। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। দ্রুত সময়েই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সূত্র জানায়, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে কাল বুধবার বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করবেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্যরাও এ বৈঠকে অংশ নেবেন। বৈঠকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে।
বিইআরসি সূত্র জানায়, বিদ্যুতের দাম বাড়লেও প্রান্তিক গ্রাহকদের জন্য বাড়ানো হবে না। সিএনজি ও আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম বাড়ানো হবে। সঙ্গে বাড়বে ক্যাপটিভ বিদ্যুতে দেওয়া গ্যাসের দাম। জ্বালানি বিভাগ সূত্র জানায়, জ্বালানি তেলের দাম এমনভাবে কমানো হবে যেন আগামী ছয় মাস বা এক বছর আন্তর্জাতিক বাজারে কিছুটা দাম বাড়লেও বিপিসির কোনো লোকসান না হয়।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গত ফেব্রুয়ারি মাসে শুনানি শেষ করেছে বিইআরসি। শুনানির পর রায় দিতে ৯০ দিনের যে বাধ্যবাধকতা, তা বিদ্যুতের জন্য ৭ জুন এবং গ্যাসের জন্য ১৮ জুন শেষ হয়েছে। বিইআরসির কারিগরি কমিটি সে সময় বিদ্যুৎ ও গ্যাসের নতুন দাম নির্ধারণ করে রাখলেও তা ঘোষণা করা হয়নি। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের মতামতের ভিত্তিতে নতুন করে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ করে তা ঘোষণা করা হতে পারে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে; কিন্তু বাংলাদেশে দাম কমানো হয়নি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৪০ ডলার। গড়ে ১১০ থেকে ১১৫ ডলারেরও বেশি দিয়ে এক বছর আগে এই তেল কিনতে হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশেও বাড়ানো হয়েছে। কিন্তু যখন দাম কমেছে, তখন আর কমানো হয়নি। নতুন করে তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ ২০১৩ সালের ৪ জানুয়ারি তেলের দাম বাড়ানো হয়।
গত অর্থবছরের প্রথম ১০ মাসে জ্বালানি তেল বিক্রি করে বিপিসি তিন হাজার ৪৫৪ কোটি ৭৩ লাখ টাকা মুনাফা করেছে। জ্বালানি বিভাগ সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যে কমেছে তা কত দিন থাকবে, সেটা এখনও অনিশ্চিত। এ জন্য সে বিবেচনায় রেখেই দাম কমানো হবে। এমনভাবে দাম কমানো হবে যেন এখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও বিপিসি সহজে লোকসানে না পড়ে। তেল আমদানি ও বিপণনকারী সরকারি সংস্থা বিপিসি। বিপিসি দীর্ঘদিন লোকসান করেছে; ভর্তুকি দিতে হয়েছে। পুঞ্জীভূত লোকসান কমিয়ে নিতে তেলের দাম কমানো হয়নি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করতে হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জ্বালানি তেল ও গ্যাসের দামের সঙ্গে সমন্বয় করে বিদ্যুতের দাম নির্ধারণ করা উচিত। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর জন্য নয় মাস আগে বিইআরসিতে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সে প্রস্তাবের পর্যালোচনা শেষে নতুন দাম ঘোষণা করা হয়নি। এখন নতুন প্রস্তাব দেওয়ার সময় এসেছে। এদিকে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার তেলের দাম কমানোর ইঙ্গিত দেন।
সূত্র জানায়, প্রান্তিক বিদ্যুৎ ব্যবহারকারীদের (৩০ ইউনিট পর্যন্ত) দাম বাড়ানো হবে না। শহরের প্রান্তিক বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য খুব সামান্য বাড়ানো হতে পারে। দীর্ঘদিন শহর ও গ্রামের মধ্যে যে দামের পার্থক্য ছিল, তা সমন্বয় করার জন্য এই দাম বাড়ানো হবে। তবে কৃষি ও সামাজিক, অর্থাৎ মসজিদ-মন্দিরের বিদ্যুতের দাম নাও বাড়ানো হতে পারে। বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের মতো কয়েকটি ধাপ থাকছে। প্রতিটি ধাপেই দাম বাড়বে।











